বিশ্বকাপ শুরু হতে তিন সপ্তাহেরও কম সময় বাকি। এরপই মধ্যে বিশ্বজুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা ফুটবলপ্রেমীরা ভিড়তে শুরু করেছে বিশ্বকাপের শহরগুলোতে। ফুটবলের এই মহাযজ্ঞ কেন্দ্র করে স্টেডিয়ামে আসা দর্শকদের অভিজ্ঞতাকে চিরস্মরণীয় ও আকর্ষণীয় করে তুলতে ফিফা নিয়ে এলো এক অনন্য ডিজিটাল উপহার, যা ‘ফিফা ফ্যান আইডি’ নামে পরিচিত।
ফিফা ফ্যান আইডি বিশেষ স্মার্ট ফিজিক্যাল কার্ড, যা ম্যাচ দেখতে আসা টিকিটধারী দর্শককে উপহার হিসেবে দেওয়া হবে। এটি কেবল খেলা দেখার একটি সাধারণ স্মারক নয়, বরং দর্শকদের জন্য অফিশিয়াল টুর্নামেন্ট কনটেন্ট, ডিজিটাল রিওয়ার্ডস ও বিনোদনের এক এক্সক্লুসিভ ডিজিটাল দুনিয়ার দুয়ার খুলে দেবে।
এই কার্ডের বড় বৈশিষ্ট্য —সমর্থকেরা এটি তাদের স্মার্টফোনে স্পর্শ বা ট্যাপ করার মাধ্যমেই একটি সমৃদ্ধ এবং সদা পরিবর্তনশীল ডিজিটাল জগতের সাথে যুক্ত হতে পারবেন। এর মাধ্যমে ভক্তরা খেলা দেখার পাশাপাশি নিজেদের স্মৃতিগুলো ডিজিটাল মাধ্যমে আপলোড করতে পারবেন এবং ম্যাচের এক্সক্লুসিভ অফিশিয়াল ছবি ব্যবহার করে নিজস্ব পছন্দের ব্যক্তিগতকৃত স্মারক পণ্য তৈরি করার সুযোগ পাবেন।
বিশ্বকাপের ম্যাচ দেখতে আসা দর্শকরা ১৬টি স্টেডিয়ামের যেকোনো একটিতে প্রবেশের পরপরই সেখানে থাকা ফ্যান ইনফরমেশন বুথ থেকে এই কাস্টমাইজযোগ্য ফিজিক্যাল কার্ডটি সংগ্রহ করতে পারবেন। দর্শকদের তাদের দেখা প্রথম ম্যাচেই এই আইডিটি সংগ্রহ করার পরামর্শ দেওয়া হয়েছে এবং ম্যাচ শেষ হওয়ার পরও এই কার্ডটি দর্শকরা নিজেদের কাছে আজীবন যত্ন করে রেখে দিতে পারবেন।
এই ফ্যান আইডির মাধ্যমে দর্শকরা বিশেষ অগমেন্টেড-রিয়েলিটি বা এআর ভিডিও বার্তা উপভোগ করতে পারবেন। পাশাপাশি থাকবে নানা আকর্ষণীয় পুরস্কার ও সারপ্রাইজ জেতার সুযোগ। একই সাথে স্টেডিয়ামের তথ্য এবং ম্যাচ-দিনের অভিজ্ঞতাকে নিখুঁত করার নানা দিকনির্দেশনাও মিলবে এর ভেতর।
আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্তা সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এই নতুন উদ্যোগ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তিনি দর্শকদের আহ্বান জানিয়েছেন, তারা যেন ফিফা ফ্যান আইডি সংগ্রহ করেন এবং এটি ব্যবহার করেন।
ম্যাচ শুরুর অন্তত তিন ঘণ্টা আগে থেকেই স্টেডিয়ামগুলোতে লাইভ এন্টারটেইনমেন্ট ও নানা উপহারের ব্যবস্থা থাকবে। তাই ম্যাচের আগেই ফ্যান আইডি সংগ্রহ করতে উৎসাহ দেওয়া হচ্ছে। অবশ্য ম্যাচে উপস্থিত না থাকলেও এই কার্ডে নিয়মিত ট্যাপ করে নতুন নতুন ফুটবল কনটেন্ট উপভোগ করা যাবে।
ইতিহাসের সবচেয়ে বড় এই ফুটবল আসরে গ্যালারিতে বসে খেলা দেখবেন প্রায় ৬০ লক্ষাধিক দর্শক। আর বিশ্বজুড়ে চোখ থাকবে প্রায় ছয়শ কোটি মানুষের। ফিফার পক্ষ থেকে দর্শকদের শুধুমাত্র অফিশিয়াল ওয়েবসাইট থেকে টিকিট এবং হসপিটালিটি প্যাকেজ কেনার জন্য জোর তাগিদ দেওয়া হয়েছে। কারণ অননুমোদিত কোনো মাধ্যম থেকে কেনা টিকিট স্টেডিয়ামে গ্রহণযোগ্য হবে না।
ফিফা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে, এই ফ্যান আইডি সম্পূর্ণ ফ্রি এবং প্রতিটি টিকিটধারীর জন্য উন্মুক্ত হলেও এটি কোনো ভিসা বা ম্যাচের বিকল্প টিকিট নয় এবং স্টেডিয়ামে প্রবেশের জন্য এটি বাধ্যতামূলক কোনো পাসও নয়; এটি কেবল দর্শকদের অভিজ্ঞতাকে রাজকীয় করার একটি ডিজিটাল অনুষঙ্গ।
পড়ুন:ক্রিকেটের নিয়মে বড় পরিবর্তন আনতে যাচ্ছে আইসিসি
দেখুন:গাজা যু/দ্ধ: যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি অ/স্ত্র দিল ভারত!
ইমি/


