টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের সড়াতৈল এলাকায় রডবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৯ জন। সোমবার (২৫ মে) ভোররাতে যমুনা সেতু সংযোগ মহাসড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই পেশায় ধান কাটার শ্রমিক ছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা রডবোঝাই ট্রাকটি যাত্রী নিয়ে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। ভোররাতে ট্রাকটি কালিহাতীর সড়াতৈল এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে ট্রাকটি মহাসড়কের পাশে উল্টে গেলে ঘটনাস্থলেই ১৫ জনের মৃত্যু হয়।
তাৎক্ষণিকভাবে হতাহতদের বিস্তারিত পরিচয় জানা না গেলেও নিহত ১৫ জনের মধ্যে ১৩ জনের পরিচয় নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন। নিহত এসব ব্যক্তির বাড়ি নওগাঁ জেলার মান্দা উপজেলার ভারশোঁ ইউনিয়নের রাজেন্দ্রবাটি ও চিকলাভোলা গ্রামে। বিষয়টি নিশ্চিত করেছেন মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আক্তার জাহান সাথী।
ফায়ার সার্ভিস জানিয়েছে, নিহত বাকি দুইজনের বাড়ি রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জ এলাকায়। তারা সবাই ধান কাটার কাজ শেষে দলবদ্ধভাবে বাড়ি ফিরছিলেন।
পড়ুন: ইরান চুক্তি নিয়ে তাড়াহুড়োর দরকার নেই: ট্রাম্প
আর/


