বৈরি আবহাওয়ার কারণে মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২৬ মে) সকালে কর্তৃপক্ষ এ ঘোষণা দেন।
মঙ্গলবার(২৬ মে) বেলা ১১ টা ২০ মিনিট থেকে এ নৌরুটে সব ধরনের ফেরি চলাচল বন্ধ রাখে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) কর্তৃপক্ষ। বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) আব্দুস সালাম।
বিআইডব্লিউটিসি সূত্র জানায়, হঠাৎ করে পাটুরিয়া এলাকায় তীব্র ঝড় ও দমকা হাওয়া শুরু হয়। এতে নৌপথে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। যাত্রী ও যানবাহনের নিরাপত্তা বিবেচনায় ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
ডিজিএম আব্দুস সালাম বলেন, আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলে ঈদে ঘরে ফেরা যাত্রীদের দুর্ভোগ কমাতে দ্রুত ফেরি চলাচল শুরু করা হবে।
উল্লেখ্য, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে বর্তমানে ছোট-বড় মিলিয়ে ১৮টি ফেরি চলাচল করছে।


