কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের আর্থিক উন্নয়নের লক্ষ্যে নীলফামারীতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) সকালের দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে এ কংগ্রেসের আয়োজন করা হয়। প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নীলফামারী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপপরিচালক মোছা: হোমায়রা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান ।বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ফারুক আহমেদ,উপজেলা নির্বাহী কর্মকর্তা মুবাশ্বিররা আয়াতুল্লাহ,জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক সোহেল পারভেজ সহ অনেকে।
স্বাগত বক্তব্য দেন, উপজেলা কৃষি কর্মকর্তা আতিক আহমেদ। বক্তারা বলেন, পার্টনার প্রকল্পের মূল লক্ষ্য হলো নতুন কৃষি উদ্যোক্তা সৃষ্টি এবং গ্রামীণ অর্থনীতিতে গতি সঞ্চার করা। দেশের কৃষিকে খোরপোষভিত্তিক চাষাবাদ থেকে বাণিজ্যিক কৃষিতে রূপান্তর, খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থা গড়ে তোলা। এ ব্যাপারে এ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।এ সময় কৃষি উৎপাদন বৃদ্ধি, নতুন জাতের ফসল সম্প্রসারণ, কৃষিপণ্যের কার্যকর বাজারজাতকরণ, খাদ্যের গুণগত মান উন্নয়ন এবং নিরাপদ খাদ্য সরবরাহ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি তথ্য, আধুনিক প্রযুক্তি ও কলাকৌশল পৌঁছে দিয়ে টেকসই কৃষি উন্নয়ন নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
পার্টনার কংগ্রেসে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, বেসরকারি সংস্থার প্রতিনিধি, পিএফএস ও নন-পিএফএস কৃষক-কৃষাণী, উপ-সহকারী কৃষি কর্মকর্তা এবং অন্যান্য স্টেকহোল্ডার অংশগ্রহণ করেন।এর আগে অতিথিবৃন্দ উপজেলা কৃষি অফিসারের কার্যালয় চত্বরে প্রবেশ করে এ উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রদর্শনী স্টল পরিদর্শন করেন। স্টলে উন্নত জাতের বিভিন্ন ফসল ও কৃষিপণ্য প্রদর্শন করা হয়, যা অতিথিবৃন্দ ও উপস্থিত কৃষকদের মাঝে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে। সবশেষে উপস্থিত সকলের মাঝে সার,আমন বীজ,ফলজ, বনজ, চারাসহ বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ ও আপ্যায়ন করা হয়। এছাড়া কৃষক সেবা কেন্দ্র ও বিভিন্ন কৃষি উদ্যোগক্তাদের মাঝে সম্মাননা প্রদান করা হয়।
পড়ুন:চুক্তির প্রভাবে বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম
দেখুন:সুন্দরবনের শেলা নদীতে কুমিরের আ/ক্র/ম/ণে নারীর মৃ/ত্যু
ইমি/


