নওগাঁ বিশ্ববিদ্যালয়ে অর্থ ও হিসাব বিভাগের কার্যক্রমকে আরও গতিশীল, স্বচ্ছ এবং প্রযুক্তি নির্ভর করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অটোমেশন সফটওয়্যারের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করা হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে এর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহা: হাছানাত আলী।
এসময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. আলাউদ্দিন, অর্থ ও হিসাব বিভাগের পরিচালক মো: সায়েম বিন সোলায়মান, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক খোন্দকার শাহরিয়ার রহমান, হিসাবরক্ষণ কর্মকর্তা মো. আব্দুর রহিম মুন্সি, প্রশাসনিক কর্মকর্তা তৌফিকুজ জামানসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।
বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ জানায়, হিসাব বিভাগের কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে ‘Tally Prime’ সফটওয়্যার ব্যবহার করা হয়েছে। এই নতুন সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে অর্থ ও হিসাব বিভাগের শিক্ষার্থীদের ফি ব্যবস্থাপনা, বেতন ভাতা প্রক্রিয়াকরণ, হিসাব সংরক্ষণ, আর্থিক প্রতিবেদন প্রস্তুতকরণ, তথ্য অনুসন্ধান এবং নথি ব্যবস্থাপনা আরও সহজ, দ্রুত ও নির্ভূলভাবে সম্পন্ন করা সম্ভব হবে।
সফটওয়্যার উদ্বোধন শেষে উপাচার্য প্রফেসর ড. মোহা: হাছানাত আলী বলেন, উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানসমূহে প্রযুক্তি নির্ভর প্রশাসনিক ব্যবস্থা প্রবর্তন সময়ের দাবি। নওগাঁ বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব বিভাগে অটোমেশন সফটওয়্যার চালুর মাধ্যমে প্রশাসনিক দক্ষতা, জবাবদিহিতা ও স্বচ্ছতা আরও বৃদ্ধি পাবে। পাশাপাশব কাগজ নির্ভরতা হ্রাস পাবে এবং সেবাগ্রহিতারা স্বল্প সময়ে অধিক সেবা পাবেন।
পড়ুন : সিরাজগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তিসহ সেলাই মেশিন বিতরণ


