২০২৬ ফিফা বিশ্বকাপে গ্রুপ ‘কে’ এর অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচে আজ রাতে মাঠে নামছে পর্তুগাল ও উজবেকিস্তান। প্রথম ম্যাচে কঙ্গোর সাথে ড্র করে ধাক্কা খাওয়া ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল এবং কলম্বিয়ার কাছে হেরে ব্যাকফুটে থাকা নবাগত উজবেকিস্তান- নক আউটের টিকিট পেতে দুই দলের জন্যই এই ম্যাচটি গুরুত্বপূর্ণ।
হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে ম্যাচটি শুরুর আগে ক্রীড়া পরিসংখ্যান বিশ্লেষক প্রতিষ্ঠান অপ্টা এবং স্পোর্টসকাস্টিংয়ের ফুটবল সুপার কম্পিউটারগুলো নিজেদের গাণিতিক বিশ্লেষণ ও পূর্বাভাস প্রকাশ করেছে।
অপ্টা সুপার কম্পিউটারের হাজারো ম্যাচ সিমুলেশন বা কৃত্রিম বিশ্লেষণ শেষে যে ডেটা সামনে এসেছে, তাতে ক্রিস্টিয়ানো রোনালদোর দলকেই আকাশচুম্বী ব্যবধানে এগিয়ে রাখা হয়েছে।
সুপার কম্পিউটারের গাণিতিক মডেলে পর্তুগালের জয়ের সম্ভাবনা রেকর্ড ৮৩.১ শতাংশ। টুর্নামেন্টের অন্যতম নবাগত দল উজবেকিস্তান বড় কোনো অঘটন ঘটিয়ে ম্যাচটি জিতে নেবে, এমন সম্ভাবনা মাত্র ৬ শতাংশ। আর ম্যাচটি অমীমাংসিতভাবে শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে মাত্র ১১ শতাংশ।
মডেলের এই বিশাল ব্যবধানের মূল কারণ দুই দলের শক্তির গভীরতা এবং র্যাঙ্কিং। ফিফা র্যাঙ্কিংয়ের ৭ নম্বরে থাকা পর্তুগিজদের আক্রমণভাগে ব্রুনো ফার্নান্দেস, রাফায়েল লেয়াও এবং বের্নার্দো সিলভাদের মতো বিশ্বমানের মিডফিল্ডাররা রয়েছেন, যা রক্ষণভাগে দুর্বল থাকা উজবেকিস্তানের জন্য বড় পরীক্ষা হতে যাচ্ছে।
স্পোর্টসকাস্টিং এবং বিভিন্ন ফুটবল বেটিং অ্যানালিটিক্স মডেলের এক্সজি ডাটা অনুযায়ী, ম্যাচটি পর্তুগালের জন্য বেশ একপেশে হওয়ার ইঙ্গিত দিচ্ছে। সুপার কম্পিউটারের সবচেয়ে সম্ভাব্য স্কোরলাইন প্রেডিকশন হলো পর্তুগাল ৩-০ উজবেকিস্তান। কোনো কোনো মডেল এটি ৩-১ ব্যবধানেও শেষ হতে পারে বলে আভাস দিয়েছে।
কঙ্গোর বিপক্ষে প্রথম ম্যাচে ৭৯ শতাংশ বল দখলে রেখেও মাত্র ১টি শট অন-টার্গেট রাখতে পেরেছিল পর্তুগাল। তবে সুপার কম্পিউটারের মতে, প্রথম ম্যাচের ভুলত্রুটি শুধরে এবং নিজেদের শক্তিমত্তার সঠিক প্রয়োগ ঘটিয়ে আজ রাতে আক্রমণাত্মক ফুটবল খেলবে রবার্তো মার্তিনেসের শিষ্যরা।
পর্তুগাল ফেভারিট হলেও ব্যক্তিগতভাবে চাপে আছেন অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো। বড় আন্তর্জাতিক টুর্নামেন্টে নিজের শেষ ১০ ম্যাচে কোনো গোলের দেখা পাননি ৪১ বছর বয়সী এই মহাতারকা। তবে সুপার কম্পিউটার বলছে, আজ রাতে খর্বশক্তির উজবেকিস্তানের বিপক্ষেই রোনালদোর খরা কাটার সম্ভাবনা প্রবল।
সব মিলিয়ে সুপার কম্পিউটারের গাণিতিক হিসাব যদি মাঠে সত্যি প্রমাণিত হয়, তবে পর্তুগাল যে পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ছে- তা অনেকটাই নিশ্চিত।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

