ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে আর্জেন্টাইন ফুটবলার লুকাস ত্রেহোর স্ত্রী ও দুই সন্তান নিহত হয়েছেন। কয়েকদিন ধরে নিখোঁজ থাকার পর উদ্ধারকারী দল ধ্বংসস্তূপ থেকে তাদের মরদেহ উদ্ধার করে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে দেশটির ফুটবল অঙ্গনে।
স্থানীয় ক্লাব দেপোর্তিভো লা গুয়াইরা এক বিবৃতিতে জানায়, নিহতরা হলেন ত্রেহোর স্ত্রী ইয়ানিনা মারানেল্লা এবং তাদের দুই সন্তান অ্যারন ও আইনহোয়া ত্রেহো। ক্লাবটির পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।
জানা গেছে, ভূমিকম্পের সময় লুকাস ত্রেহো রাজধানী কারাকাসে ক্লাবের অনুশীলনে ব্যস্ত ছিলেন। অন্যদিকে তার পরিবার অবস্থান করছিল ভেনেজুয়েলার উপকূলীয় এলাকা প্লায়া গ্রান্দেতে। শক্তিশালী ভূমিকম্পে ওই এলাকার একটি বহুতল ভবন ধসে পড়ে, যেখানে তার স্ত্রী ও সন্তানরা অবস্থান করছিলেন। দুর্ঘটনার পর থেকেই তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।
সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন বার্তায় ত্রেহো তখন লেখেন, তিনি এখনো বিশ্বাস করতে চান যে তার পরিবার নিরাপদে আছে এবং বিল্ডিংটিতে ছিল না।পরবর্তীতে উদ্ধারকারী দল ধ্বংসস্তূপ থেকে তাদের মরদেহ উদ্ধার করে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে।
এদিকে জাতিসংঘের প্রাথমিক হিসাব অনুযায়ী, গত বুধবার সন্ধ্যায় ভেনেজুয়েলায় আঘাত হানা জোড়া শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা প্রায় দেড় হাজারে পৌঁছেছে। এছাড়া প্রায় ৫০ হাজার মানুষ এখনো নিখোঁজ রয়েছেন বলে জানানো হয়েছে। হাজার হাজার ভবন ধসে পড়েছে এবং ব্যাপক অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে। বহু মানুষ গৃহহীন হয়ে খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছেন।
পড়ুন:রুদ্ধশ্বাস জয়ে ভারতকে হোয়াইটওয়াশ করে আয়ারল্যান্ডের ইতিহাস
দেখুন:এনসিপি যাদের সাথে জোট করেছে তারা স্বাধীনতায় বিশ্বাস করে না: মির্জা ফখরুল |
ইমি/


