ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চলাচলকারী বাস মালিকদের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে বাস আটকে চালককে মারধরের প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ রেখে বিক্ষোভ করেছেন মালিক, চালক ও হেলপাররা।
বুধবার (১ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জ শহরের ১ নম্বর রেলগেইট বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ রুটের সব যাত্রীবাহী বাস চলাচল বন্ধ করে সড়কে বিক্ষোভ করেন তারা। এ সময় বাসস্ট্যান্ডের সামনে সড়ক অবরোধ করে প্রতিবাদ মিছিলও করা হয়।
বাস মালিকদের অভিযোগ, মাহাবুবু উল্লাহ তপন দীর্ঘদিন ধরে বাস মালিক সমিতির কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছেন। ওই চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় দুই দিন আগে সিটি বন্ধন পরিবহনের একটি বাস আটকে চালককে মারধর করা হয়। এতে চালক গুরুতর আহত হন।
তাদের দাবি, ঘটনার পর থানায় অভিযোগ দায়ের করা হলেও এখন পর্যন্ত আটক বাসটি উদ্ধার কিংবা অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
বিক্ষোভকারীরা বলেন, দ্রুত আটক বাস উদ্ধার এবং অভিযুক্ত মাহাবুবু উল্লাহ তপনকে গ্রেপ্তার করা না হলে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাস চলাচল বন্ধ থাকবে।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানার পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
পড়ুন:মালয়েশিয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রবাসীদের ১৬ দলীয় ক্রিকেট টুর্নামেন্ট
দেখুন:১ জুলাই ২০২৪: যে আন্দোলন বদলে দিলো বাংলাদেশের রাজনীতির গতিপথ!
ইমি/


