সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের জামলাবাজ গ্রামে অভিযান চালিয়ে ৭ লিটার চোলাই মদ ও ২০০ লিটার ওয়াশ জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ ঘটনায় একজনকে আসামি করে দক্ষিণ সুনামগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, সুনামগঞ্জের ‘ক’ সার্কেলের একটি দল গত শনিবার (৪ জুলাই) সকাল ৯টা ১৫ মিনিট থেকে ৯টা ৪৫ মিনিট পর্যন্ত জামলাবাজ গ্রামের বাসিন্দা খোকন রবিদাস (২৫)-এর নিজ দখলীয় পূর্বমুখী দুই কক্ষবিশিষ্ট বসতঘরে অভিযান পরিচালনা করে।
অভিযানকালে তল্লাশি চালিয়ে ঘর থেকে ৭ লিটার চোলাই মদ এবং ২০০ লিটার ওয়াশ জব্দ করা হয়। তবে অভিযানের সময় আসামি খোকন রবিদাস পলাতক থাকায় তাকে আটক করা সম্ভব হয়নি।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, জব্দকৃত আলামত ও ঘটনার পরিপ্রেক্ষিতে খোকন রবিদাসের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ক্রমিক নং ২৪(ক) ও ৩৭ ধারায় দক্ষিণ সুনামগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী হয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মুহাম্মদ আমিনুল কবির।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. আবুল হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। তিনি জানান, মাদকের বিরুদ্ধে অধিদপ্তরের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে এবং মাদক উৎপাদন, সংরক্ষণ ও পাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
পড়ুন:সাভারে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান উদযাপনে তমিজ উদ্দিনকে উপদেষ্টা করে কমিটি ঘোষণা
দেখুন:ইংল্যান্ডের ৩২০ বছর পুরোনো চা এখন মালিবাগে
ইমি/


