অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে কাজের উদ্দেশ্যে ভারতে যাওয়ার পর দেশে ফেরার সময় চার নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার ভোরে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার ডলুরা সীমান্তসংলগ্ন মধুরকান্দি এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন— যশোর সদর উপজেলার খোলাডাঙ্গা গ্রামের ইসমাইল মোল্লার মেয়ে মোছা. রেবেকা খাতুন (৫০), নড়াইলের কালিয়া উপজেলার বেন্দারচর গ্রামের রেজাউল শেখের মেয়ে পুতুল খানম (৩৯), একই উপজেলার দেওঢাঙ্গা গ্রামের কামাল মোল্লার স্ত্রী পারভীন বেগম (৪০) এবং সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার কাশিয়াভাঙা গ্রামের মনসুর গাজীর স্ত্রী মোছা. আকলিমা খাতুন (৪৪)।
বিজিবি জানায়, আটক চার নারী কয়েক বছর আগে কাজের উদ্দেশ্যে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে গিয়েছিলেন। শনিবার ভোরে তারা ডলুরা সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিজিবি সদস্যরা তাদের আটক করেন। পরে তাদের বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় অবৈধভাবে সীমান্ত অতিক্রমের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।
বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া বলেন, বিজিবি চার নারীকে থানায় হস্তান্তর করেছে। বিজিবির দায়ের করা মামলায় তাদের আদালতে পাঠানো হয়েছে।
সুনামগঞ্জ ২৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, আটক চার নারী কাজের উদ্দেশ্যে অবৈধভাবে ভারতে গিয়েছিলেন। পরে অবৈধভাবে দেশে প্রবেশের সময় তাদের আটক করা হয় এবং আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
পড়ুন:প্রধানমন্ত্রী ২৪ ঘণ্টায় দেশের ভাল করার চেষ্টায় আছেন: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী
ইমি/


