বিজ্ঞাপন

অ্যালিয়ঁস ফ্রঁসেজে শুরু হচ্ছে দলীয় শিল্পপ্রদর্শনী ‘সার্চ সল, সয়েল’

অ্যালিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকা আয়োজন করতে যাচ্ছে ‘সার্চ সল, সয়েল’ শীর্ষক একটি দলীয় শিল্পপ্রদর্শনী। কিউরেটর কুন্তল বাড়ৈ-এর তত্ত্বাবধানে আয়োজিত এ প্রদর্শনীতে অংশ নিচ্ছেন সমকালীন সাতজন শিল্পী— বনানী সিমলাই, দীপ্র বণিক, খাইদেম সিথি সিনহা, লুৎফা মাহমুদা, মো. ফাইজুল ইসলাম, মো. হাশেম এবং রূপশ্রী হাজং।

শনিবার (১৮ জুলাই ২০২৬) সন্ধ্যা ৬টায় অ্যালিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার লা গ্যালারিতে প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠিত হবে। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রখ্যাত বাংলাদেশি স্থপতি শামসুল ওয়ারেস এবং বিশিষ্ট শিল্পী মঈনুদ্দীন খালেদ।

আয়োজকদের মতে, ‘সার্চ সল, সয়েল’ প্রদর্শনীতে অংশগ্রহণকারী শিল্পীরা স্মৃতি, ভূদৃশ্য, সাংস্কৃতিক উত্তরাধিকার এবং পরিবেশের জটিল আন্তঃসম্পর্ককে নিজস্ব শিল্পভাষায় তুলে ধরেছেন। ব্যক্তিগত অভিজ্ঞতা, স্থানীয় বাস্তবতা এবং গভীর পর্যবেক্ষণ থেকে নির্মিত শিল্পকর্মগুলো পরিবেশগত সংকট, পরিবর্তন এবং মানব অস্তিত্বের নানা প্রশ্নকে সামনে নিয়ে আসে। পাশাপাশি ক্রমবর্ধমান পরিবেশ দূষণ, জীববৈচিত্র্যের ক্ষয় এবং জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে প্রকৃতি, ভূমি ও মানুষের সম্পর্ককে নতুনভাবে ভাবতে উদ্বুদ্ধ করবে এ প্রদর্শনী।

প্রদর্শনীতে অংশ নেওয়া শিল্পীদের প্রত্যেকেই পরিবেশ, স্মৃতি ও পরিচয়ের ভিন্ন ভিন্ন দিককে তাদের শিল্পকর্মে তুলে ধরেছেন। বনানী সিমলাই মানুষের সঙ্গে প্রকৃতির সহাবস্থান, খাদ্য ও মাটির সম্পর্ককে গুরুত্ব দিয়েছেন। মো. ফাইজুল ইসলাম শিল্পায়ন ও দূষণের ফলে সৃষ্ট অ্যাসিড বৃষ্টির প্রভাব তুলে ধরেছেন। লুৎফা মাহমুদা অভিবাসন, পরিচয় এবং ‘বাড়ি’ ধারণার মানসিক ও সাংস্কৃতিক তাৎপর্য অনুসন্ধান করেছেন।

অন্যদিকে, খাইদেম সিথি সিনহা মণিপুরি সম্প্রদায়ের ঐতিহ্যবাহী বস্ত্রশিল্প ও প্রকৃতিনির্ভর নকশার মাধ্যমে সংস্কৃতি ও প্রকৃতির সম্পর্ক তুলে ধরেছেন। মো. হাশেম পাহাড় ও উর্বর মাটির ক্ষয়কে স্মৃতি, প্রতিরোধ ও টিকে থাকার প্রতীক হিসেবে উপস্থাপন করেছেন। রূপশ্রী হাজং হাজং জনগোষ্ঠীর লোকজ আচার, বিশ্বাস এবং প্রকৃতির সঙ্গে তাদের আধ্যাত্মিক সম্পর্ককে সূচ-সুতার ইনস্টলেশনের মাধ্যমে প্রকাশ করেছেন। আর দীপ্র বণিক তাঁর শিল্পচর্চায় ভূদৃশ্য, পরিবেশ ও মানুষের হস্তক্ষেপের পরিবর্তনশীল সম্পর্ক অনুসন্ধান করেছেন।

প্রদর্শনীটি ১৮ থেকে ২৮ জুলাই পর্যন্ত চলবে। প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

বিজ্ঞাপন

পড়ুন : আর্জেন্টিনা কাপ জিতলে আবার বিয়ের ঘোষণা পরীমনির

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন