রাজবাড়ীর গোয়ালন্দে জাহিদ বিশ্বাস (৪৫) নামে এক ব্যাটারিচালিত রিকশাচালককে গলায় গামছা পেঁচিয়ে হত্যা করে তাঁর রিকশা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (১৬ জুলাই) দিবাগত রাতে উপজেলার দেবগ্রাম ইউনিয়নের চামেলি পার্ক এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জাহিদ বিশ্বাস গোয়ালন্দ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের জবানিপাড়া এলাকার জামাল বিশ্বাসের ছেলে।
শুক্রবার (১৭ জুলাই) দুপুরে স্থানীয়রা চামেলি পার্ক এলাকার একটি ইটের সড়কের পাশে তাঁর লাশ পড়ে থাকতে দেখে গোয়ালন্দ ঘাট থানা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই রিকশা চালকের লাশ উদ্ধার করেন।
পারিবারিক সূত্রে জানা যায়- জাহিদ বিশ্বাস পেশায় একজন রাতের ব্যাটারিচালিত রিকশাচালক ছিলেন। ব্যাটারি নষ্ট থাকায় গত ৪/৫ দিন তিনি রিকশা চালাতে পারেন-নি। বৃহস্পতিবার নতুন ব্যাটারি কিনে রাতে রিকশা নিয়ে বের হলে নিখোঁজ জাহিদ আর বাড়ি ফেরেন-নি।
খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শাহিদুল ইসলাম, গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে পুলিশ সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে লাশটি ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠান।
এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতের কোনো একসময় দুর্বৃত্তরা জাহিদকে গলায় গামছা পেঁচিয়ে হত্যা করে থাকতে পারে। তাঁর ব্যাটারিচালিত রিকশাটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ীর মর্গে পাঠানো হয়েছে।ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন করা হচ্ছে।তবে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

