বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, রাজনৈতিক ও সাংবিধানিক সংস্কারসংক্রান্ত বিভিন্ন প্রস্তাব সংসদে উপস্থাপন করা হলেও সরকার সেগুলো বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নিচ্ছে না। তিনি অভিযোগ করেন, সরকার ইচ্ছাকৃতভাবে দেশকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন না হলে প্রয়োজন হলে জনগণকে সঙ্গে নিয়ে ১১ দলীয় ঐক্য আবারও রাজপথে নামবে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে ‘জুলাই জাতীয় সনদ এবং গণভোট, জনআকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকারের দায় ও আমাদের করণীয়’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মিয়া গোলাম পরওয়ার বলেন, “হাসিনা বলছেন তিনি ডিসেম্বরে আসছেন, এখন তার জন্য দেশ সাজানোর চেষ্টা চলছে। সরকার হাসিনাকে সামলাবে, দিল্লিকে সামলাবে, নাকি ১১ দলীয় ঐক্য ও জনগণকে সামলাবে—সে বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে।” তিনি আরও বলেন, “সংঘাতের সব দরজা খুলবেন না। আমরা জাতীয় ঐক্য চাই, জুলাই সনদ বাস্তবায়ন চাই এবং জনগণের রায়ের প্রতিফলন দেখতে চাই।”
১১ দলীয় ঐক্য জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর জেলা আমির অধ্যাপক আনিসুর রহমান।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাহবুবুর রহমান বেলাল এমপি এবং কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন এমপিসহ অন্যান্য নেতৃবৃন্দ।
পড়ুন : সিলেটের গোয়াইনঘাটে মামলার বাদী-সাক্ষীদের ওপর হামলার অভিযোগ


