জামালপুর ৩৫ বিজিবির মাদক বিরোধী পৃথক অভিযানে সীমান্ত এলাকা থেকে ১ হাজার ৯৭৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে।
অভিযানের সময় এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি।
জানা গেছে, জামালপুর ৩৫ বিজিবির আওতাধীন রৌমারী বিওপির সদস্যরা নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার (৩ আগস্ট ) সকালে ১০৬৩ সীমান্ত পিলারের কাছে অভিযান পরিচালনা করেন। অভিযানে ১ হাজার ৯৭৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এসময় ইয়াবা চোরাচালানের সঙ্গে জড়িত থাকায় মো. নাসির (৪৫) নামে একজনকে আটক করে বিজিবি সদস্যরা। আটককৃত মো. নাসির কুড়িগ্রাম জেলার খাটিয়ামারী গ্রামের মনিরুজ্জামানের ছেলে।
অপরদিকে রোববার দিবাগত রাতে বালিয়ামারী বিওপির বিজিবির সদস্যরা সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে আসামীবিহীন ৫৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করেন।
বিজিবি জানায়, ইয়াবা ও ভারতীয় মদ উদ্ধারের ঘটনায় পৃথকভাবে বিজিবির পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আটককৃত ব্যক্তিকে থানায় সোপর্দ করা হয়েছে।
জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লে.কর্নেল হাসানুর রহমান জানান, সীমান্তে নিয়মিত টহলের পাশাপাশি মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। আমরা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে রয়েছি।
পড়ুন : আওয়ামী লীগের নাশকতা করার কোনো সক্ষমতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
সা/


