আওয়ামী লীগের নাশকতা চালানোর সক্ষমতা নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তার ভাষ্য, দলটি বিদেশে অবস্থান করে শুধু হুমকি-ধামকি দিয়ে যাচ্ছে। সোমবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগের নাশকতা করার কোনো মুরোদ নেই। বিদেশে বসে তারা কিছু হুমকি-ধামকি দেয় মাত্র।’
তিনি জানান, জুলাই গণআন্দোলনের বর্ষপূর্তি উপলক্ষে আগামী ৫ আগস্ট বিএনপি সমমনা রাজনৈতিক দলগুলোকে নিয়ে কর্মসূচি পালন করবে। এ বিষয়ে বৈঠকও ডাকা হয়েছে।
সালাউদ্দিন আহমদ বলেন, উগ্রবাদী গোষ্ঠী বিভিন্ন সময়ে নাশকতা বা অপকর্মের চেষ্টা করলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ বিষয়ে সর্বোচ্চ সতর্ক রয়েছে।
দুবাইয়ে আটক পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদের বিষয়ে তিনি বলেন, তার জামিন বাতিল করে দেশে ফিরিয়ে আনতে সরকার প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ নিয়েছে এবং সে চেষ্টা অব্যাহত রয়েছে।
এনসিপির কর্মসূচিতে হামলার প্রসঙ্গেও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, ঘটনাটি তদন্তাধীন রয়েছে।
এ ছাড়া যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গরের বাংলাদেশ সফর এবং প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে তিনি সন্তোষ প্রকাশ করেছেন বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
পড়ুন: কাশিমপুর ভূমি অফিসে চরম অনিয়ম: সব কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত
আর/


