ঝালকাঠি সদর হাসপাতালে আশ্রয় নেওয়া ৬০ বছর বয়সী দৃষ্টিপ্রতিবন্ধী,বিধবা এক বৃদ্ধা নারীকে দুই যুবক ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিল্লাল সিকদার (৩০)ও নাসির (৪০)নামে দুই যুবককে আটক করেছে পুলিশ।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১১ আগস্ট) রাত আনুমানিক ৩টার দিকে ঝালকাঠি শহরের সদর হাসপাতালে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী রোকেয়া বেগম (৬০) বিকনা পৌরসভার ১ নং ওয়ার্ডের জামলাকান্দা বাসন্ডা ব্রিজের নিচের এলাকার বাসিন্দা। তার স্বামী মৃত আবু তাহের।স্থানীয় সূত্রে জানা যায়, রোকেয়া বেগম চোখে কম দেখেন। প্রায় ছয় মাস ধরে তিনি বাড়িঘর ছেড়ে ঝালকাঠি সদর হাসপাতালে অবস্থান করছিলেন। রাতে হাসপাতালের খালি বেডে তিনি ঘুমাতেন বলে জানা গেছে।অভিযোগ অনুযায়ী, ঘটনার রাতে অটোরিকশাচালক বিল্লাল সিকদার তাকে হাসপাতাল থেকে ডেকে বাইরে নিয়ে যান। পরে বিল্লাল ও নাসির হোসেন তাকে একটি নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করেন বলে ভুক্তভোগী অভিযোগ করেছেন।
এদিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় বিল্লাল সিকদার ও নাসির নামে দুই যুবককে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনার বিষয়ে তদন্তে হাসপাতালের সিসিটিভি ক্যামেরার ফুটেজসহ আশপাশের এলাকার বিভিন্ন সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করছে পুলিশ। ঘটনার বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ঝালকাঠি সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মাসুম ইফতেখার জানান, ওই নারী হাসপাতালের ভর্তি রোগী ছিলেন না। ঘটনার পর তাকে হাসপাতালে ভর্তি করে পুলিশকে জানানো হয়েছে। অভিযুক্তদের শনাক্ত করতে হাসপাতালের সিসিটিভি ফুটেজ পুলিশকে সরবরাহ করা হয়েছে।ঝালকাঠি সদর থানার ওসি (তদন্ত) মেহেদী জানান, পরীক্ষার জন্য ভুক্তভোগী নারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার দেয়া তথ্য মতে একজনকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

