সিলেটের বিশ্বনাথে মাদকবিরোধী অভিযান ও পৃথক ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তারে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করেছে বিশ্বনাথ থানা পুলিশ। এ সময় একজনের কাছ থেকে ৩৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, সিলেট জেলার পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার, ওসমানীনগর সার্কেলের তত্ত্বাবধানে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ গাজী মো. মাহবুবুর রহমানের নেতৃত্বে বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিশ্বনাথ নতুন বাজার এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে এসআই কাজী আশরাফুল হক, এসআই স্বপন কুমার ঘোষ, এসআই পরিতোষ রঞ্জন তালুকদার ও এএসআই স্বরূপ চক্রবর্তীসহ সঙ্গীয় ফোর্স অংশ নেয়। এ সময় ৩৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ সুমন দেবনাথ (৩৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি বিশ্বনাথ উপজেলার বাসিন্দা।
এ ঘটনায় বিশ্বনাথ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় মামলা দায়ের করা হয়েছে।
এদিকে, পৃথক অভিযান পরিচালনা করে মহানগর অর্থজারি নং-১৩/২৫-এর ওয়ারেন্টভুক্ত সাজাপ্রাপ্ত আসামি মো. হাবিবুর রহমান, বিশ্বনাথ সিআর ৪৩৯/২৫-এর ওয়ারেন্টভুক্ত আসামি মো. আতিকুর রহমান হিরা এবং বিশ্বনাথ থানার একটি মামলার এজাহারনামীয় আসামি মো. লিকসন মিয়া (২৮)-কে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, লিকসন মিয়া বিশ্বনাথ থানার মামলা নং-৮, তারিখ ১৩ আগস্ট ২০২৬-এর এজাহারনামীয় আসামি। তার বিরুদ্ধে দণ্ডবিধির ৩২৩/৩২৬/৩০৭/৪২৭/৫০৬(২) ধারায় মামলা রয়েছে।
গ্রেপ্তারকৃত চার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বিশ্বনাথ থানার পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান এবং বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তারে তাদের অভিযান অব্যাহত থাকবে।
পড়ুন:কালিয়াকৈরে সফিপুরে আনসার-ভিডিপির সংস্কার ও অগ্রযাত্রার দুই বছর পূর্তি
ইমি/


