জামালপুরের ইসলামপুরে যমুনা নদীতে জাল চুরির সন্দেহে তিনজনকে ধাওয়া করে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নুর মোহাম্মদ নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন।
আজ দুপুরে উপজেলার বেলগাছা ইউনিয়নের বরুল এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি ছোট নৌকাযোগে তিন ব্যক্তি যমুনা নদীর বরুল এলাকায় গেলে স্থানীয় জেলেরা তাদের জাল চুরির সন্দেহে ধাওয়া করেন। পরে তারা গুঠাইল এলাকায় পৌঁছালে সেখানকার জেলেরাও তাদের পিছু নেন।
একপর্যায়ে উলিয়া এলাকায় স্থানীয়রা তিনজনকে ধরে ফেলেন। সেখানে তাদের মারধর করা হলে নুর মোহাম্মদ ঘটনাস্থলেই মারা যান। এ সময় আহত হন অপর দুজন।
নিহত নুর মোহাম্মদ গাইবান্ধা সদর উপজেলার কামারজানি ইউনিয়নের কুন্দেরপাড়া গ্রামের ময়েন শেখের ছেলে। আহতরা হলেন গাইবান্ধার বাটিকামারি এলাকার ছলিম বেপারীর ছেলে জাহাঙ্গীর এবং দেওয়ানগঞ্জের বরখাল গ্রামের ইসমাইলের ছেলে রফিকুল।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় একজন নিহত ও দুজন আহত হয়েছেন। ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
তদন্তের পর ঘটনার সঙ্গে জড়িতদের বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।
পড়ুন : ঝালকাঠি কারাগার থেকে পালানো সাজাপ্রাপ্ত কয়েদি গ্রেফতার


