ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় আসমত আলী (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় চালককে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে সকালে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জের বগইর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আসমত আলী সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের দত্তপাড়া গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে।
হাইওয়ে পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে আসমত আলী বগইর এলাকায় এক কবিরাজের কাছে যান। সেখান থেকে ফেরার পথে মহাসড়ক পার হওয়ার সময় সিলেটগামী একটি মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দেয়। এতে আসমত আলী ও মোটরসাইকেলের এক আরোহী গুরুতর আহত হন। খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আহত দুজনকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কিছুক্ষণ পর আসমত আলীর মৃত্যু হয়। পরে নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়। দুর্ঘটনায় জড়িত মোটরসাইকেলটি জব্দ করেছে পুলিশ৷
খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মোটরসাইকেলের ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। পরে নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে ও মানবিক বিবেচনায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। অভিযুক্ত মোটরসাইকেল চালককে আটক করা হয়েছে।
পড়ুন : সিরাজগঞ্জে চোর সন্দেহে যুবককে গাছের সাথে বেঁধে মারপিট


