জামিনে কারাগার থেকে মুক্তি পেয়েছেন সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক। বুধবার (১৯ আগস্ট) বিকেলে ঢাকার কেরাণীগঞ্জের বিশেষ কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন। বিষয়টি নিশ্চিত করেছেন কারা সদর দপ্তরের অতিরিক্ত কারা মহাপরিদর্শক (অতিরিক্ত আইজি প্রিজনস) মো. জাহাঙ্গীর কবির।
গত বছরের ২৪ জুলাই রাজধানীর ধানমন্ডির বাসা থেকে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এরপর থেকে তিনি কারাগারে ছিলেন। এ সময় বিভিন্ন মামলায় মোট ৯টিতে তাকে গ্রেপ্তার দেখানো হয়।
গত ১০ আগস্ট বনানী থানার একটি মামলায় খায়রুল হককে অন্তর্বর্তীকালীন জামিন দেন হাইকোর্ট। এর আগে পৃথক আটটি মামলায় জামিন পাওয়ার পর বনানী থানার ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন তদন্ত কর্মকর্তা।
সবশেষ গত সোমবার (১৭ আগস্ট) হত্যাচেষ্টা ও বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বনানী থানার মামলায় সাবেক এই প্রধান বিচারপতির জামিন বহাল রাখেন আপিল বিভাগ। এর ফলে তার কারামুক্তির ক্ষেত্রে বাধা দূর হয়।
তবে জামিনে মুক্তি পেলেও আদালতের অনুমতি ছাড়া দেশত্যাগ করতে পারবেন না সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক। আপিল বিভাগের আদেশে এ নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি সুনির্দিষ্ট মামলা ছাড়া বিচারপতি খায়রুল হককে গ্রেপ্তার বা হয়রানি না করার বিষয়ে হাইকোর্টের আদেশও বহাল রেখেছেন আদালত।
পড়ুন: কলকাতায় নিহত ৫ বাংলাদেশির মরদেহ দ্রুত আনার ব্যবস্থা নেওয়া হচ্ছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
আর/


