বিজ্ঞাপন

তমার ব্যাংকে চাকরি নিয়ে জয়ের কটাক্ষ,পাল্টা জবাবে যা বললেন

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী তমা মির্জা অভিনয়ের পাশাপাশি একটি বেসরকারি ব্যাংকে চাকরি নিয়েছেন- এ খবর প্রকাশ্যে আসার পর থেকেই বিষয়টি নিয়ে আলোচনা চলছে। অনেকেই অভিনেত্রীর নতুন পেশাগত যাত্রাকে স্বাগত জানালেও আপত্তি জানিয়েছেন অভিনেতা, নির্মাতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া তার মন্তব্যের পর তমা মির্জাও দিয়েছেন কড়া জবাব। পরে অবশ্য তমার যুক্তি মেনে নিয়ে তাকে অভিনন্দন জানিয়েছেন জয়।

বিজ্ঞাপন

বুধবার (১৯ আগস্ট) বিকেলে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে তমার ব্যাংকে চাকরি নেওয়ার বিষয়টি নিয়ে প্রশ্ন তোলেন শাহরিয়ার নাজিম জয়। তিনি লেখেন, তমার মতো গুণী অভিনেত্রী ব্যাংকসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে পারেন। কিন্তু ব্যাংকে চাকরি নেওয়ার খবরটি তার কাছে সঠিক মনে হয়নি। খবরটি সত্য হলে তিনি ‘মর্মাহত’ বলেও মন্তব্য করেন।

এরপর আরও সমালোচনা করে জয় বলেন, তমাকে যদি ব্যাংকে চাকরি নিতে হয়, তাহলে অন্য নায়িকাদেরও গার্মেন্টসে চাকরি নেওয়া উচিত। তার মতে, এ ধরনের সিদ্ধান্ত নতুন প্রজন্মের কাছে এমন বার্তা দেয় যে আগে চাকরি করতে হবে, এরপর অভিনয়কে খণ্ডকালীন পেশা হিসেবে নিতে হবে।

জয়ের এমন মন্তব্যের জবাব দেন তমা মির্জা। নিজের ব্যাংকে চাকরি নেওয়ার খবরটি নিশ্চিত করে অভিনেত্রী বলেন, তিনি আইন বিষয়ে স্নাতক সম্পন্ন করেছেন এবং চাকরিজীবী পরিবার থেকে উঠে এসে ১৬ বছর ধরে চলচ্চিত্র অঙ্গনে কাজ করছেন। অভিনয়ের পাশাপাশি অন্য পেশায় যুক্ত হওয়াটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত বলেও জানান তিনি।

তমা বলেন, কেউ গণমাধ্যম বা চলচ্চিত্রে কাজ করলেই অন্য কোনো পেশায় যেতে পারবেন না-এমন ধারণা ঠিক নয়। বরং এমন মন্তব্য করলে অভিনয় ও ব্যাংকিং- দুই পেশাকেই ছোট করা হয়।

জয়ের কনটেন্ট নির্মাণ ও চলচ্চিত্রবিষয়ক বিভিন্ন কাজের প্রসঙ্গ টেনে তমা বলেন, তিনিও চাইলে অভিনয়ের বাইরে অন্য কাজ না করার কথা বলতে পারতেন। কিন্তু তিনি তা করবেন না, কারণ তিনি নিজের পাশাপাশি সবার পেশাকেই সম্মান করেন।

তমা আরও বলেন, ‘আমি এখন অভিনেত্রীর পাশাপাশি একজন ব্যাংকার এবং এটা নিয়ে আমি গর্বিত।’ নিজের কাজের পরিসর ও অভিজ্ঞতা আরও বাড়ানোর লক্ষ্য রয়েছে বলেও জানান তিনি।

একই সঙ্গে জয়ের মতো একজন শিক্ষিত, মননশীল ও প্রগতিশীল মানুষের কাছ থেকে এমন মন্তব্য প্রত্যাশিত নয় বলেও মন্তব্য করেন তমা। তবে বক্তব্যের শেষ দিকে রসিকতা করে জয়ের কনটেন্টের প্রশংসাও করেন তিনি। সামনে তার নতুন সিনেমা আসছে জানিয়ে জয়ের কাছে সেটি কেমন লেগেছে, তা জানাতেও বলেন।

তমার এই মন্তব্যের পর নিজের অবস্থান কিছুটা পরিষ্কার করেন শাহরিয়ার নাজিম জয়। পাল্টা মন্তব্যে তিনি তমাকে অভিনন্দন জানান এবং স্বীকার করেন, তমার যুক্তি সঠিক।

জয় বলেন, তমা জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রীই নন, অভিনয়ের ক্ষেত্রে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। তার এই উত্থান নিজের চোখের সামনে দেখেছেন এবং এতে তিনি গর্বিত বলেও জানান।

তমাকে ‘বুদ্ধিমতী’ উল্লেখ করে জয় বলেন, তিনি নিশ্চয়ই বুঝে-শুনেই সিদ্ধান্ত নিয়েছেন। তবে তার কাছে অভিনেত্রী বা নায়িকা তমা মির্জাই এখনো এক নম্বরে এবং সেটিই যেন অটুট থাকে—এমন প্রত্যাশাও জানান তিনি।

জয় আরও ব্যাখ্যা করেন, সংবাদ প্রকাশের ধরন দেখে অনেক সময় মনে হতে পারে, কেউ নিজের মূল পেশা ছেড়ে অন্য পেশায় যোগ দিয়েছেন। কিন্তু তমার ক্ষেত্রে বিষয়টি তেমন নয়। অভিনয়ের পাশাপাশি তিনি ব্যাংকিং পেশায় যুক্ত হয়েছেন—এ বিষয়টিই তার বক্তব্যে পরিষ্কার করতে চেয়েছেন বলে জানান জয়।

সবশেষে তমার সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমের এই পাল্টাপাল্টি আলোচনাকে মজার হিসেবেই দেখেছেন জয়। তমাকে উদ্দেশ করে তিনি বলেন, ‘ফেসবুকের এই যুদ্ধ মজার আছে কিন্তু তমা। চালিয়ে যাও, আমিও আছি।’

পড়ুন:ব্যাংকে চাকরি নিলেন অভিনেত্রী তমা মির্জা

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন