বিজ্ঞাপন

যুক্তিবোধ ও সৃজনশীলতা বিকাশে নেত্রকোনায় শিক্ষার্থীর বিতর্ক কর্মশালা

শিক্ষার্থীদের যুক্তিবোধ, বিশ্লেষণী দক্ষতা ও আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি সৃজনশীল ও যুক্তিনির্ভর মনন গড়ে তোলার লক্ষ্যে নেত্রকোনায় ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে দিনব্যাপী বর্ণাঢ্য বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (২২ আগস্ট) সকাল ১০টায় জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়। ‘যুক্তির মঞ্চে শানিত হোক মেধা’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত দিনব্যাপী এ কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি নেত্রকোনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান।

নেত্রকোনা জেলার ১০টি উপজেলা থেকে বাছাইকৃত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১২০ জন শিক্ষার্থী এবং তাদের সাথে ৩০ জন শিক্ষক এই কর্মশালায় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকেল ৩টা ৩০ মিনিট পর্যন্ত চলা প্রাণবন্ত এ আয়োজনে ঢাকা-সহ সারাদেশ থেকে আগত প্রখ্যাত বিতার্কিক ও অতিথি বক্তারা প্রশিক্ষণ প্রদান করেন।

কর্মশালায় শিক্ষার্থীদের বিতর্কের প্রাথমিক ধারণা, যুক্তি উপস্থাপন কৌশল, বক্তব্যের সঠিক কাঠামো গঠন, তথ্য-উপাত্তের যথাযথ ব্যবহার এবং প্রতিপক্ষের বক্তব্য বিশ্লেষণের মতো বিতর্কের বিভিন্ন গুরুত্বপূর্ণ কৌশল হাতে-কলমে শেখানো হয়।

নেত্রকোনার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুন মুন জাহান লিজার সাবলীল সঞ্চালনায় কর্মশালার উদ্বোধনী পর্বে এবং প্রশিক্ষণ সেশনে অতিথি বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা রাখেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ তানভীর কায়সার, যমুনা টেলিভিশনের সিনিয়র নিউজ প্রেজেন্টার দেবাশীষ রঞ্জন সরকার, নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের লেকচারার মাহফুজা মাহবুব এবং আবু আব্বাস ডিগ্রি কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক নাজমুল কবীর সরকার।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, বর্তমান সময়ের প্রেক্ষাপটে শিক্ষার্থীদের কেবল পাঠ্যবইয়ের জ্ঞানে সীমাবদ্ধ রাখলে চলবে না; বরং তাদের মানসিক বিকাশ, বিশ্লেষণী ক্ষমতা এবং যেকোনো পরিস্থিতি যুক্তির আলোকে বিচার করার সক্ষমতা অর্জন করতে হবে। সেই লক্ষ্যেই তৃণমূল পর্যায় থেকে বিতার্কিক তুলে আনতে এবং শিক্ষার্থীদের মাঝে বিতর্কের শিল্পকে জনপ্রিয় করতে জেলা প্রশাসনের এই বিশেষ উদ্যোগ।

দিনব্যাপী এ আয়োজনে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং বিশেষজ্ঞদের দিকনির্দেশনা নেত্রকোনায় মুক্তচিন্তা ও যুক্তিনির্ভর নতুন প্রজন্ম গঠনে তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

পড়ুন: জ্বালানি সংকট সরকারের নিয়ন্ত্রণে নেই, সমাধানে সময় লাগবে: অর্থমন্ত্রী

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন