ঢাকার দোহার উপজেলার শীর্ষ দুই মাদক ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। সোমবার দুপুরে দোহার উপজেলা প্রশাসনের নেতৃত্বে মাদক বিরোধী এই টাস্কফোর্স অভিযান করা হয়। এসময় রাইপাড়া ইউনিয়নের লক্ষ্মীপ্রসাদ এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ী সাগর ও বিলাশপুর ইউনিয়নের ছোট রামনাথপুর এলাকার আরেক শীর্ষ মাদক ব্যবসায়ী বাহাদুরের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়।
তবে তাদের কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। সেই সাথে উভয় মাদক ব্যবসায়ীর বাড়িতেই ইয়াবা, হিরোইন ব্যবসা পরিচালনার আলামত ও গাজা জব্দ করা হয়। অভিযানে অধিকতর তদন্তের জন্য তাদের বাড়িতে থাকা সিসি ক্যামেরার ডিভিআর জব্দ করেছে যৌথ বাহিনী।
এছাড়া অভিযান চলাকালে তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাইদুল ইসলামের আদালতে তাদের বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে জেল হাজতে পাঠানো হয়। যৌথ বাহিনীর অভিযানে সহায়তা করেন দোহার থানা পুলিশ, র্যাব ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাইদুল ইসলাম বলেন, আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
পড়ুন : সিরাজগঞ্জে ট্রাক থেকে ৪ কেজি ৩৩০ গ্রাম হেরোইন উদ্ধার, আটক ২


