ঠাকুরগাঁও-১ আসনে (সদর, রুহিয়া ও ভূল্লী) অনুষ্ঠিতব্য উপনির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে দেলাওয়ার হোসেনের নাম ঘোষণা করা হয়েছে।
রোববার (৩০ আগস্ট) সকালে ঠাকুরগাঁও জেলা জামায়াত কার্যালয়ে আয়োজিত দায়িত্বশীল সমাবেশে দলের পক্ষ থেকে তাঁর প্রার্থিতা ঘোষণা করেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আব্দুল হালিম।
দেলাওয়ার হোসেন ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সহকারী সেক্রেটারি এবং ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আব্দুল হালিম বলেন, ‘বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার প্রধান পদ্ধতি হলো নির্বাচন। যেহেতু জামায়াত দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য লড়াই-সংগ্রাম করছে, তাই আমরা সব ধরনের নির্বাচনে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছি।’
তিনি বলেন, ‘১১ দলের কেন্দ্রীয় সিদ্ধান্তের আলোকে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি, মজলুম ছাত্রনেতা ও ঠাকুরগাঁওয়ের কৃতী সন্তান দেলাওয়ার হোসেনকে জামায়াতের পক্ষ থেকে ১১ দলের মনোনীত প্রার্থী হিসেবে ঘোষণা করছি। আমরা আশা করি, জনগণ যদি সঠিকভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়, তাহলে আমাদের প্রার্থী জয়লাভ করবেন, ইনশাআল্লাহ।’
জেলা জামায়াতের আমির অধ্যাপক বেলাল উদ্দিন প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন।
জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ কফিল উদ্দিন আহাম্মদের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন ঠাকুরগাঁওয়ের সাবেক জেলা আমির মাওলানা আব্দুল হাকিম, দিনাজপুরের সাবেক জেলা আমির মাওলানা আনোয়ারুল ইসলাম, নীলফামারীর সাবেক জেলা আমির আব্দুর রশিদ, পঞ্চগড় জেলা আমির ইকবাল হোসেন ও ঠাকুরগাঁও জেলা সেক্রেটারি মোহাম্মদ আলমগীর।
এ সময় বিভিন্ন উপজেলা, পৌরসভা ও ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে নির্বাচিত বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। ওই জাতীয় সংসদ নির্বাচনেও জামায়াতের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন দেলাওয়ার হোসেন।
নির্বাচন কমিশন শিগগিরই এই আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করবে বলে জানা গেছে।
পড়ুন:নোয়াখালীতে বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটসাল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
ইমি/


