বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম এমপি বলেছেন, বর্তমানের বড় সমস্যা হলো বিদ্যুৎ ও গ্যাসের সংকট। এ নিয়ে মানুষের মধ্যে ক্ষোভ রয়েছে, এটা আমরা স্বীকার করছি। এ সংকট নিরসন দীর্ঘমেয়াদি ব্যাপার। তিনি বলেন, বিদ্যুৎ ও গ্যাসের সমস্যা আজকে তৈরি হয়নি; এ সমস্যা দীর্ঘদিনের। গত ১৭ বছর আমরা দেখেছি, শতভাগ বিদ্যুতায়নের নামে সাইনবোর্ডের মাধ্যমে বলা হতো এলাকায় শতভাগ বিদ্যুৎ সরবরাহ এবং ব্যাপক গ্যাস সরবরাহ রয়েছে। আমরা শুনেছি, অনেক উন্নয়ন করা হয়েছে। এখন আমরা কাজ করতে গিয়ে দেখি, বিগত সরকার উন্নয়নের নামে শুভঙ্করের ফাঁকি দিয়ে দেশ চালিয়েছে। সোমবার (৩১ আগস্ট) সকালে নরসিংদী জেলার আইনশৃঙ্খলা, উন্নয়নমূলক ও জনকল্যাণমূলক কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসকের মিলনায়তনে অনুষ্ঠিত সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও উন্নয়নমূলক কার্যক্রম নিয়ে আরও বক্তব্য রাখেন নরসিংদী-১ (সদর) আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন, নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য মনজুর এলাহী এবং নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল।
জেলা প্রশাসক ইশরাত জাহান কেয়া’র সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন, নরসিংদী জেলা পরিষদের প্রশাসক তোফাজ্জল হোসেন মাস্টার, পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুকসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।এ সময় প্রতিমন্ত্রী আরও বলেন, বিগত সরকার বিদ্যুতের স্থায়ী সমাধানের বিষয়ে কোনো চিন্তা না করে কুইক রেন্টালের নামে বিশেষ ব্যক্তিদের প্রাধান্য দিয়ে হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করেছে। কিন্তু টেকসই এনার্জির বিষয়ে কোনো চিন্তা করা হয়নি। আজ মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়নকে সবচেয়ে বড় প্রাধান্য দিয়ে স্থায়ীভাবে পরিকল্পনা করছেন বলে জানান তিনি।
পড়ুন:অস্ত্র-মাদককে ব্যবসা হিসেবে বেছে নিয়ে নারায়ণগঞ্জের প্রশাসন ধ্বংস করা হয়েছিল: হাবিবুর রশিদ
ইমি/


