চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা এবং শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে। সম্প্রতি এক সাক্ষাৎকারে সিনেমা জগতের কাজের পরিবেশ এবং ক্যারিয়ারের শুরুর দিকের কিছু অস্বস্তিকর অভিজ্ঞতার কথা জানিয়েছেন তিনি।
রাধিকা জানান, ক্যারিয়ারের শুরুতে কয়েকটি চলচ্চিত্রে সাহসী দৃশ্যে অভিনয় করার পর ইন্ডাস্ট্রির একটি অংশের মধ্যে ধারণা তৈরি হয়, তিনি যেকোনো ধরনের দৃশ্যে অভিনয়ে রাজি হয়ে যাবেন।
অভিনেত্রীর ভাষ্য, ক্যারিয়ারের শুরুতে চার-পাঁচটি ছবিতে অনাবৃত দৃশ্যে অভিনয়ের পর কিছু মানুষের ধারণা হয়, তিনি সহজেই এ ধরনের দৃশ্যে সম্মতি দেবেন।
এরপর চিত্রনাট্যের প্রয়োজন না থাকলেও অতিরিক্ত চুমুর দৃশ্য যুক্ত করার মতো প্রস্তাবও পেয়েছেন বলে জানান রাধিকা। এসব ক্ষেত্রে তাকে সরাসরি ‘না’ বলতে হয়েছে।
রাধিকার কথায়, ক্যারিয়ারের শুরুর দিকে এ ধরনের পরিস্থিতিতে তাকে স্পষ্ট করে জানাতে হতো যে, তিনি এসব করতে রাজি নন।
তবে তার সবচেয়ে অস্বস্তিকর অভিজ্ঞতাগুলোর একটি ছিল একটি অ্যাকশন দৃশ্যের শুটিংকে ঘিরে। রাধিকা জানান, একটি ছবির সেটে তাকে শার্টের বোতাম খুলে অ্যাকশন দৃশ্যের শুটিং করতে বলা হয়েছিল।
এরপর নির্মাতাদের পক্ষ থেকে আরও অস্বস্তিকর একটি প্রস্তাব দেওয়া হয়। বলা হয়, অ্যাকশনের সময় শার্ট সরে যেতে পারে। তাই শুধু অন্তর্বাস পরে দৃশ্যটি ধারণ করা যায় কি না।
এমন প্রস্তাবে রীতিমতো স্তব্ধ হয়ে যান রাধিকা। তার মতে, এটি ছিল ক্যারিয়ারের সবচেয়ে বাজে অভিজ্ঞতাগুলোর একটি।
নিজের কাজের বিষয়ে বরাবরই স্পষ্টভাষী এই অভিনেত্রী। তার বক্তব্যে উঠে এসেছে, পর্দায় কোনো চরিত্রের প্রয়োজন অনুযায়ী সাহসী দৃশ্যে অভিনয় করা এবং দর্শক আকর্ষণের জন্য অপ্রয়োজনীয়ভাবে নগ্নতা বা ঘনিষ্ঠ দৃশ্য যুক্ত করার মধ্যে স্পষ্ট পার্থক্য রয়েছে।
সাক্ষাৎকারে নিজের অভিজ্ঞতা তুলে ধরে সেই পার্থক্যই স্পষ্ট করেছেন রাধিকা আপ্তে।
পড়ুন : হাসপাতালে ভর্তি অভিনেতা রিফাত চৌধুরী
সা/


