একটি রাজনৈতিক দল সংসদে সুন্দর সুন্দর কথা বলে, অনেক ভালো ভালো কথা বলে, কিন্তু ‘মুখে মধু, অন্তরে বিষ’-১১ দলীয় জোটকে উদ্দেশ্য করে এমন মন্তব্য করেছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম। আজ সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে নরসিংদী জেলা বিএনপি আয়োজিত ‘পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে’ সমাবেশ ও মিছিল কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
নরসিংদী-১ আসনের সংসদ সদস্য ও বিএনপির যুগ্ম-মহাসচিব এবং জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম আরও বলেন, “আপনারা বলেন তেল নাই, আপনারা বলেন এই নাই, অথচ কয়েকশ গাড়ি নিয়ে রোড মার্চ করেন। আপনারা বলেন, আমাদেরকে ধাক্কা মেরে ফেলে দিবেন, আমাদেরকে ক্ষমতাচ্যুত করবেন।”
প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম আরও বলেন, “এক নেত্রী পতিত স্বৈরাচার অন্য রাষ্ট্রে বলেন ডিসেম্বরে ফিরে আসবেন, আরেক দল বলেন আজ রাজপথে লংমার্চের নামে লং ডাইভ করে বলেন, আমাদের ডিসেম্বরের মধ্যে নামিয়ে দিবেন। তার মানে তাদের যোগসূত্র খুঁজে পাওয়া যাচ্ছে।”
এ সময় তিনি বলেন, “আমরা জাতীয়তাবাদী দল জনগণের কল্যাণে ও সুখে-দুঃখে, শান্তিতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি সহ সার্বিক উন্নয়নে আমরা কাজ করে যাচ্ছি। আমরা আগামী পাঁচ বছর পরও মানুষের পাশে থাকবো।”
কেউ যেন ভয় দেখিয়ে ধাক্কা মেরে সাত মাসে পতন ঘটিয়ে দেওয়ার স্বপ্ন না দেখেন-এমন হুঁশিয়ারি দিয়ে প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম আরও বলেন, “আমরা রাজপথে আছি এবং রাজপথে থাকবো।” এ সময় তিনি নরসিংদীর জনগণ এবং কুলিয়ারচর, ভৈরব, কিশোরগঞ্জবাসীকে সজাগ ও ঐক্য থাকার আহ্বান জানান।
নরসিংদী রেলস্টেশনের পাশে অনুষ্ঠিত এ সমাবেশ শেষে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ মিছিল নিয়ে পৌরসভা মোড়ে গিয়ে কর্মসূচি শেষ করেন।
পড়ুন : রেডিও কলোনিতে পার্কিং করা বাসে আগুন, পালিয়ে গেল দুর্বৃত্তরা


