দেশব্যাপী নৈরাজ্য, বিশৃঙ্খলা ও সন্ত্রাসের প্রতিবাদে পিরোজপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদল।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে শহরের সিইও অফিস মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন সংগঠনগুলোর নেতাকর্মীরা। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পিরোজপুর জেলা বিএনপি কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, দেশব্যাপী পরিকল্পিতভাবে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা চলছে। ফ্যাসিস্ট সরকারের পুনর্বাসনের যে কোনো অপচেষ্টা প্রতিহত করতে বিএনপির নেতাকর্মীরা প্রস্তুত রয়েছেন। দেশের শান্তি, শৃঙ্খলা ও গণতান্ত্রিক পরিবেশ রক্ষায় তারা ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সমাবেশে বক্তব্য দেন পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. মনিরুজ্জামান মনি, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম, জেলা যুবদলের আহ্বায়ক মো. মারুফ হোসেন, সদস্য সচিব এমদাদুল হক মাসুদ, জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন কুমার তালুকদার ও সাধারণ সম্পাদক মাহমুদ হাসান শাহিন।
এ সময় স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পড়ুন : আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবলে চ্যাম্পিয়ন তাওহীদ একাদশ


