বিজ্ঞাপন
বিজ্ঞাপন

জলোচ্ছ্বাস ও প্রবল বাতাসে বিপর্যস্ত নিউইয়র্ক-নিউ জার্সি

যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলীয় উপকূলীয় অঙ্গরাজ্যগুলোতে আঘাত হেনেছে প্রাক-শরতের শক্তিশালী ঝড় ‘নর’ইস্টার’। ঝোড়ো বাতাস, প্রবল বৃষ্টি ও তীব্র জলোচ্ছ্বাসে নিউইয়র্ক, নিউ জার্সি, কানেকটিকাট ও ম্যাসাচুসেটসের বিস্তীর্ণ এলাকা বিপর্যস্ত হয়ে পড়েছে।

বিজ্ঞাপন

টানা বৃষ্টিপাত ও উত্তাল সমুদ্রের ঢেউয়ের কারণে বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পরিস্থিতি বিবেচনায় নিউইয়র্ক ও নিউ জার্সিসহ বেশ কয়েকটি অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি করেছেন স্থানীয় গভর্নররা।

মার্কিন জাতীয় আবহাওয়া সংস্থার (এনডব্লিউএস) তথ্য অনুযায়ী, আটলান্টিক মহাসাগরে সৃষ্ট শক্তিশালী নিম্নচাপটি ঘণ্টায় প্রায় ৫০ থেকে ৭০ মাইল বেগে উত্তর-পূর্বাঞ্চলের উপকূলে আঘাত হানছে। বোস্টন, কেপ কড, লং আইল্যান্ড ও নিউ জার্সির উপকূলীয় এলাকায় জলোচ্ছ্বাস স্বাভাবিকের চেয়ে কয়েক ফুট পর্যন্ত বেড়েছে।

এ ছাড়া ৮ থেকে ২০ ফুট উচ্চতার ঢেউ উপকূলে আছড়ে পড়ায় বাঁধ, রাস্তাঘাট ও বিভিন্ন অবকাঠামোতে মারাত্মক ক্ষতি হচ্ছে।

বিদ্যুৎ সরবরাহের তথ্য ট্র্যাক করা ওয়েবসাইট পাওয়ারআউটেজ.কম জানিয়েছে, ঝড়ের কারণে গাছপালা উপড়ে বিদ্যুৎ লাইনের ওপর পড়ায় নিউইয়র্ক, নিউ জার্সি, কানেকটিকাট ও পেনসিলভ্যানিয়ায় এরই মধ্যে এক লাখের বেশি বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুৎহীন হয়ে পড়েছে।

নিউ জার্সির পয়েন্ট প্লিজেন্ট ও প্লাইমাউথসহ বিভিন্ন উপকূলীয় এলাকার প্লাবিত সড়কে সাধারণ মানুষকে কায়াক ব্যবহার করে চলাচল করতে দেখা গেছে। নিচু এলাকার বাসিন্দাদের অনেক স্থান থেকে নিরাপদে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে স্থানীয় প্রশাসন।

আবহাওয়ার অবনতির প্রভাব পড়েছে আকাশ ও জলপথের যোগাযোগ ব্যবস্থায়ও। বোস্টনের লোগান আন্তর্জাতিক বিমানবন্দরসহ ওই অঞ্চলের বিভিন্ন বিমানবন্দরে ৪ শতাধিক ফ্লাইট বাতিল হয়েছে। প্রায় দেড় হাজারের বেশি ফ্লাইট বিলম্বিত হয়েছে। এ ছাড়া কেপ কড, মার্থাস ভিনইয়ার্ড ও নানটুকেটগামী সব ফেরি সার্ভিস নিরাপত্তার কারণে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, ধীরগতির নর’ইস্টারটি উপকূলীয় এলাকায় থমকে থাকায় এর প্রভাব আরও কয়েকদিন স্থায়ী হতে পারে। বিশেষ করে গাছে এখনও পাতা পূর্ণ থাকায় প্রবল বাতাসে গাছ ভেঙে পড়ার আশঙ্কা তুলনামূলক বেশি।

জরুরি প্রয়োজন ছাড়া স্থানীয় বাসিন্দাদের ঘরের বাইরে না যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি নিচু এলাকাগুলোর পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজরদারি রাখছে উপকূলীয় প্রতিরক্ষা বাহিনী।

উপকূলীয় বন্যার আশঙ্কা, বাতিল একাধিক আয়োজন

শনিবারের পূর্ণিমার প্রভাবে উপকূলীয় বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া বিভাগ। এরই মধ্যে নিউ জার্সির সার্ফ সিটি ও মানাসকোয়ান এলাকায় রাস্তাঘাট ও বাড়িঘরে বন্যার পানি ঢুকে পড়েছে।

নিচু এলাকার বাসিন্দাদের দ্রুত সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছে এনডব্লিউএস। কর্তৃপক্ষ জানিয়েছে, উপকূলের কাছাকাছি নিচু এলাকাগুলোতে রাস্তাঘাট পানিতে তলিয়ে যাওয়ার পাশাপাশি বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানও ক্ষতিগ্রস্ত হতে পারে।

ঝড়ের প্রভাবে বেশ কয়েকটি বড় আয়োজন বাতিল বা স্থগিত করা হয়েছে। নিরাপত্তার কারণে বোস্টনে ব্রিটিশ সংগীতশিল্পী এড শিরানের বহুল প্রতীক্ষিত কনসার্ট বাতিল করা হয়েছে।

নিউইয়র্কের সেন্ট্রাল পার্কে অনুষ্ঠেয় ‘গ্লোবাল সিটিজেন ফেস্টিভ্যাল’ও বাতিল করা হয়েছে। সেখানে লরিন হিল, ওয়াইক্লেফ জিন ও জন লেজেন্ডের পারফর্ম করার কথা ছিল।

এ ছাড়া নিউইয়র্ক রেড বুল ও সেন্ট লুইস সিটি এসসির মধ্যকার পেশাদার ফুটবল ম্যাচও বাতিল হয়েছে। অন্যদিকে বোস্টন রেড সক্স ও শিকাগো কাবসের ম্যাচটি রোববার ফ্লোরিডায় সরিয়ে নেওয়া হয়েছে।

এদিকে নিউইয়র্কে সপ্তাহজুড়ে ঘণ্টায় ৫৫ মাইল বা প্রায় ৮৬ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। এতে গাছ ও বিদ্যুতের লাইন উপড়ে পড়ার আশঙ্কা রয়েছে।

নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি বাসিন্দাদের জরুরি প্রয়োজন ছাড়া ভ্রমণ না করার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি বন্যার পানির মধ্য দিয়ে গাড়ি চালানো বা হেঁটে চলাচল না করার পরামর্শ দিয়েছেন তিনি।

নিউ জার্সির গভর্নর মিকি শেরিলও বাসিন্দাদের ঝড়ের পরিস্থিতিকে গুরুত্বের সঙ্গে নেওয়া, সতর্ক থাকা এবং স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণ করার আহ্বান জানিয়েছেন।

পড়ুন : ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা কার্যকর করল প্রতিবেশীসহ ৩ মুসলিম দেশ

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন