নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম সজিব বলেছেন, “যাঁরা বোরকা পরে নারায়ণগঞ্জ থেকে পালিয়েছেন, তাঁরা আর কোনো দিন এ দেশে আসতে পারবেন না।” তিনি বলেন, যুবদলসহ অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে দেশের মানুষের পাশে ছিলেন এবং ভবিষ্যতেও যেকোনো ধরনের অরাজকতা মোকাবিলায় সম্মুখে থাকবেন।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে সোনারগাঁয়ের কাঁচপুর এলাকায় সারা দেশে আওয়ামী লীগের নৈরাজ্য ও চক্রান্তের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খায়রুল ইসলাম সজিব বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ধৈর্য ধারণ করে দেশকে বিশ্বদরবারে নতুন রূপে তুলে ধরার চেষ্টা করছেন। কিন্তু নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও দেশের কিছু চক্রান্তকারী দেশে নৈরাজ্য সৃষ্টি এবং তারেক রহমানকে বিতর্কিত করার চেষ্টা করছে বলে তিনি অভিযোগ করেন।
তিনি আরও বলেন, “বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের ধৈর্যের বাঁধ ভেঙে গেলে এবং তাঁরা মাত্র এক ঘণ্টার জন্য রাজপথে নামলে চক্রান্তকারীদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে।”
বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন কাঁচপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোমেন খান, সোনারগাঁ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক নুরে ইয়াসিন নোবেল, কাউসার আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রুবেল হুসাইন, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক হযরত আলী রানা, পিয়ার হোসেন নয়ন, সোহেল রানা, রাকিব হাসান ও আবু সালেহ মুসাসহ নেতাকর্মীরা।
সমাবেশ শেষে একটি গণমিছিল বের করা হয়। মিছিলটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর ব্রিজ প্রদক্ষিণ করে কাঁচপুর বাস টার্মিনালে গিয়ে শেষ হয়।
পড়ুন : ডেঙ্গু-সাপে কাটায় বাড়ছে উদ্বেগ, রেফার রোগীর মৃত্যু ঘিরে প্রশ্ন


