পঞ্চগড় পৌর শহরের রাজনগর এলাকায় রেজাউল করিম রেজা (৪০) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে রাজনগর এলাকার তুলারডাঙ্গা রাস্তার পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত রেজাউল করিম রেজা ঠাকুরগাঁও জেলার ভেলাজান এলাকার মোস্তফা কামালের ছেলে। তিনি পঞ্চগড় পৌরসভার রাজনগর এলাকায় বাড়ি করে স্ত্রী ও তিন সন্তানকে নিয়ে বসবাস করতেন। পাশাপাশি পঞ্চগড় সদর থানার সামনে কম্পিউটারে কম্পোজের ব্যবসা করতেন।
পুলিশ ও সিআইডি সূত্রে জানা যায়, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থলে সুরতহাল ও ক্রাইম সিনের কার্যক্রম সম্পন্ন করে মরদেহটি ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
পারিবারিক সূত্র জানায়, মঙ্গলবার রাত ১২টার দিকে রেজাউল করিম রেজা রাগ করে বাড়ি থেকে বের হয়ে যান, এরপর তিনি আর বাড়িতে ফিরে আসেননি। সকালে তার মরদেহ পড়ে থাকার খবর পাওয়া যায়।
এ বিষয়ে পঞ্চগড় সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শইমী ইমতিয়াজ বলেন, “সকালে জরুরি সেবার মাধ্যমে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। লাশের আলামত সংগ্রহ করে প্রাথমিক সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হয়েছে। এই মুহূর্তে কিছু বলা যাচ্ছে না। পোস্টমর্টেম রিপোর্ট ও তদন্তের পর বিস্তারিত জানানো যাবে।”
পড়ুন : গ্রেফতার হচ্ছে, জামিনে ফিরছে: রাতের ঢাকায় অপরাধীদের দাপট
সা/


