মানিকগঞ্জের হরিরামপুরে পানিতে ডুবে আনিসা আক্তার (১৩) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। বৃহস্পতিবার সকালের দিকে, উপজেলার চালা ইউনিয়নের সট্টি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আনিসা সট্টি গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে। তার বাবা কক্সবাজারের একটি হোটেলে চাকরি করেন। আনিসা কক্সবাজারের একটি মাদ্রাসায় পড়াশোনা করত বলে জানিয়েছেন তার ফুপু পারভীন আক্তার।
পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, আনিসার দাদি অসুস্থ হওয়ায় দুই দিন আগে তার ফুপু ও পরিবারের সদস্যদের সঙ্গে কক্সবাজার থেকে হরিরামপুরের সট্টি গ্রামে আসে সে। বৃহস্পতিবার সকালে আনিসা বাড়ির বাইরে হাঁটতে বের হয়। একপর্যায়ে সট্টি নতুন ব্রিজ এলাকার কুমপাড়ে গিয়ে সে পানিতে পড়ে ডুবে যায় বলে পরিবারের সদস্যরা জানান।
পারভীন আক্তার জানান, আনিসার সঙ্গে থাকা একটি ছোট শিশু বাড়িতে গিয়ে সে পানিতে ডুবে গেছে বলে পরিবারের সদস্যদের জানায়। পরে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে পানিতে খোঁজাখুঁজি শুরু করেন।
নিহতের চাচা জাহিদুর রহমান বলেন, খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে আনিসাকে পানির মধ্যে ডুবন্ত অবস্থায় উদ্ধার করেন। পরে তাকে দ্রুত হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত মেডিকেল অফিসার প্রীতম দে জানান, আনিসাকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।
এদিকে, ঘটনার খবর পেয়ে হরিরামপুর থানা পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যায় বলে জানিয়েছেন হরিরামপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জে.ও.এম. তৌফিক আজম।
পড়ুন : কুষ্টিয়ায় আটক স্কুল শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
সা/


