বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রেখে পড়াশোনার পাশাপাশি বিভিন্ন খেলাধুলায় সম্পৃক্ত করতে হবে। একটি সুন্দর, আনন্দময় ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে খেলাধুলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি বলেন, আমাদের ছেলেমেয়েরা যেন শুধু স্কুলে যাওয়া ও ঘরে বসে থাকার মধ্যে সীমাবদ্ধ না থাকে এবং মাদকে আসক্ত না হয়, সেজন্য তাদের খেলাধুলা ও পড়াশোনার সঙ্গে সম্পৃক্ত করতে হবে। খেলাধুলার মাধ্যমে তরুণদের মননশীলতা ও শারীরিক সক্ষমতা বিকশিত হবে এবং তারা একটি সুন্দর ও ইতিবাচক জীবনের পথে এগিয়ে যাবে।
শুক্রবার (২ অক্টোবর) বিকালে ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসন আয়োজিত জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল খেলা ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বাংলাদেশকে এমন একটি দেশ হিসেবে গড়ে তুলতে হবে, যেখানে মাদক, দুঃশাসন, স্বজনপ্রীতি, হিংসা, বিদ্বেষ ও অহংকারের স্থান থাকবে না। খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করার যে উদ্যোগ নেওয়া হয়েছে, আজকের এই আয়োজন তারই একটি প্রতিফলন।
তিনি বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলার সঙ্গে বেকার যুবক-যুবতীদেরও সম্পৃক্ত করতে হবে। তাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে সক্রিয় ও স্বাবলম্বী করে তুলতে হবে, যাতে তারা নিজেদের পরিবারকে সহযোগিতা করতে পারে এবং পরিবারও তাদের নিয়ে গর্ব করতে পারে।
মন্ত্রী আরও বলেন, জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তারা জনগণের সহযোগিতা নিয়ে একসঙ্গে কাজ করবেন। জনগণের সুবিধা-অসুবিধা দেখার পাশাপাশি দেশের উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি বলেন, কোনো অপচেষ্টার মাধ্যমে সরকার পরিচালনা ও সুশাসন প্রতিষ্ঠার উদ্যোগকে ব্যর্থ করার চেষ্টা হলে জনগণের সহযোগিতা নিয়ে তা প্রতিহত করতে হবে। সবাইকে সঙ্গে নিয়ে একটি সমৃদ্ধ, স্বনির্ভর ও সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে হবে।
মন্ত্রী বলেন, জনপ্রতিনিধি ও কর্মকর্তারা একযোগে কাজ করে বাংলাদেশকে আরও উচ্চস্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। আগামী দিনে এমন একটি বাংলাদেশ গড়ে তোলা হবে, যেখানে নারী-পুরুষ ও সব শ্রেণি-পেশার মানুষ সমতার ভিত্তিতে শান্তিপূর্ণভাবে বসবাস করবে। তিনি আরও বলেন, সবার জন্য বাংলাদেশ এবং সবার আগে বাংলাদেশ-এই প্রত্যয়কে সামনে রেখে আমাদের এগিয়ে যেতে হবে। দেশের উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় জনগণ, জনপ্রতিনিধি ও প্রশাসনকে একসঙ্গে কাজ করতে হবে।
মন্ত্রী জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় অংশগ্রহণকারী দুই দলের খেলোয়াড়, কর্মকর্তা, আম্পায়ার, রেফারি ও সহকারী রেফারিসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানান। তিনি সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে বলেন, সাংবাদিকরা অত্যন্ত সুন্দরভাবে খেলাটি ধারণ ও প্রচার করেছেন। খেলাধুলার মাধ্যমে ঐতিহ্যবাহী ময়মনসিংহকে দেশবাসীর সামনে তুলে ধরায় তিনি সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মন্ত্রী বলেন, ময়মনসিংহ বিভাগের সন্তান হিসেবে তিনি গর্বিত।
ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমানের সভাপতিত্বে ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মাহবুবুল হকের সঞ্চালনায় ফাইনাল খেলা উদ্বোধন করেন ময়মনসিংহ ৪-সদর আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৭ আসনের সংসদ সদস্য ডা. মো. মাহাবুবুর রহমান লিটন ময়মনসিংহ-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ জাকির হোসেন, ময়মনসিংহ-১১ আসনের সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ, ময়মনসিংহ-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সালমান ওমর, ময়মনসিংহ-৮ আসনের সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মো: রুকুনোজ্জামান রোকন এবং ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার।
এছাড়া জেলা ক্রীড়া সংস্থা ও মহিলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধি, দুই দলের খেলোয়াড় এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
খেলায় টাইব্রেকারে ধোবাউড়া ৪- নান্দাইল ৩ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে চ্যাম্পিয়ন ধোবাউড়া এবং রানার্সআপ নান্দাইল দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত, এমপি।
পড়ুন : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পর্নোগ্রাফির মামলায় এক যুবক গ্রেপ্তার


