সৌদি আরবের জেদ্দায় বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে মহিউল ইসলাম পলাশ ও ওবায়দুল ইসলাম নামে দুই বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যার পর জেদ্দা শহরের তামানিন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মহিউল ইসলাম পলাশ ঢাকার দোহার উপজেলার উত্তর শিমুলিয়া গ্রামের নাজিম উদ্দিন ওরফে কুদ্দুস মোল্লার ছেলে ও ওবায়দুল ইসলাম একই গ্রামের হারুন বেপারীর ছেলে। জীবিকার তাগিদে প্রায় তিন বছর আগে তারা সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যার পর ওই বহুতল ভবনে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ভবনের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়লে ভেতরে থাকা পলাশ ও ওবায়দুল আটকা পড়েন। প্রাণ বাঁচাতে বের হওয়ার চেষ্টা করেও শেষ পর্যন্ত তারা বের হতে পারেননি।
খবর পেয়ে সৌদি ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে ভবনের ভেতর থেকে পলাশ ও ওবায়দুলের মরদেহ উদ্ধার করা হয়।
বর্তমানে জেদ্দার স্থানীয় একটি হাসপাতালের হিমঘরে তাদের মরদেহ রাখা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দ্রুত বাংলাদেশে ফিরিয়ে আনার প্রস্তুতি চলছে বলে পরিবার সূত্রে জানা গেছে।
এদিকে দুই প্রবাসীর মৃত্যুতে উত্তর শিমুলিয়া গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ।
নিহত মহিউল ইসলাম পলাশের ছোট ভাই হাসান কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার বাবা এক বছর আগে মারা গেছেন। আজ আমার বড় ভাইও মারা গেলেন। আমার ভাইয়ের ৯ বছরের একটি মেয়ে ও মাত্র তিন মাসের একটি ছেলে রয়েছে। পলাশ ও ওবায়দুলের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে এনে পরিবারের কাছে হস্তান্তরের জন্য সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করেছেন স্বজনরা।
পড়ুন : সুবর্ণচরে গুঁড়িয়ে দেওয়া হয়েছে অবৈধ ইটভাটা, দুই লাখ টাকা জরিমানা


