ককরোচ জনাতা পার্টির ডাকা বিক্ষোভ ঘিরে ভারতের দিল্লিতে ব্যাপক ধরপাকড় চলছে। জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি ও অভিজিৎ দীপকেকে আটকের পর এবার তৃণমূল কংগ্রেসের দলীয় প্রধান ও পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করা হয়েছে।
দেশটির সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, মমতা বন্দোপাধ্যায় ও অন্য পাঁচজনকে তার বাসভবনের বাইরে থেকে দিল্লি পুলিশ ও সিআরপিএফের জওয়ানরা আটক করেছেন।
মমতার রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস বলেছে, একটি প্রিজন ভ্যানে করে তাদের অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হচ্ছে। নির্বাচন কমিশনের বিরুদ্ধে ককরোচ জনতা পার্টির (সিজেপি) পূর্বঘোষিত বিক্ষোভের আগে রাজধানীতে জোরদার করা নিরাপত্তার মাঝেই এই আটকের ঘটনা ঘটেছে।
দিল্লিতে নির্ধারিত কর্মসূচিতে যোগ দেয়ার আগে শীর্ষ নেতাদের আটক করা হলেও আন্দোলন থামবে না বলে জানিয়েছে দলটি।
দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ ঘিরে ধরপাকড়ের সমালোচনা করেছে অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) সভাপতি নেহা বোরা। এক্সে দেয়া এক পোস্টে তিনি বলেন, ‘প্রথমে রাজধানীজুড়ে কার্যত অচলাবস্থা তৈরি করা হয়েছে। এখন রাজধানীর ভেতরে থাকা নাগরিকদের এবং দিল্লির পথে থাকা মানুষদের আটক করা হচ্ছে, ব্যারিকেড দিয়ে আটকে দেয়া হচ্ছে। তারা বলছে, তারা ভয় পায় না; তারা বলছে, বিক্ষোভ ব্যর্থ হবে। কিন্তু সত্য সবার সামনে। যন্তর মন্তর ২.০ শুরু হয়েছে।’
দলটির বিবৃতিতেও বলা হয়, ‘রাষ্ট্র যখন গণতান্ত্রিক ভিন্নমত দমনে ব্যাপকভাবে মানুষকে আটক করে, তখন গণতন্ত্র রক্ষায় জনগণকেই দায়িত্ব নিতে হয়।’ সিজেপির সহ-আহ্বায়ক সৌরভ দাস অভিযোগ করেন, কর্তৃপক্ষ শক্তি প্রয়োগ করে একটি সাংবিধানিক আন্দোলন থামিয়ে দেয়ার চেষ্টা করছে।
এর আগে দিল্লিতে প্রস্তাবিত প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার আগে ইউটিউবার ধ্রুব রাঠিকে আটক করে ভারতের গুরুগ্রাম পুলিশ। এরপর দিল্লিতে অবতরণের পর বিমানের ভেতর থেকেই সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেকে আটক করে দিল্লি পুলিশ। এ সময় বিমানে ঢুকে পুলিশ সদস্যরা তাকে আটক করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুরো ঘটনা ইনস্টাগ্রামে সরাসরি সম্প্রচার করেন দীপকে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া, এনডিটিভি
পড়ুন : ভারতের সামনে কী এবার মোদী পতনের আভাস?


