বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, বিএনপিকে সেই ভূতে ধরেছে, যে ভূতে শেখ হাসিনাকে ধরেছিল। সংবিধান সংস্কারের মাধ্যমে রাষ্ট্রব্যবস্থার মেরামত করা না গেলে বর্তমান সাংবিধানিক ব্যবস্থায় পাঁচ বছর ক্ষমতায় থাকলেই যে কেউ আরেক শেখ হাসিনায় পরিণত হবে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় লক্ষ্মীপুর টাউন হল মিলনায়তনে বাংলাদেশ খেলাফত মজলিসের লক্ষ্মীপুর জেলা শাখা আয়োজিত নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মামুনুল হক বলেন, বর্তমান সরকার সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছে, কিন্তু সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেয়নি। তারা কেন এই শপথ নেয়নি, তা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, এর মধ্য দিয়ে প্রমাণ হয়, তারা রাষ্ট্র মেরামত করতে চায় না এবং জুলাই বিপ্লবের চেতনাকে বিশ্বাস করে না। বিএনপিকে প্রমাণ করতে হবে, তারা জুলাই বিপ্লবের চেতনায় বিশ্বাসী।
তিনি আরও বলেন, জুলাই বিপ্লবে বিএনপি মুখ্য ভূমিকা রাখতে পারেনি। এ বিপ্লবের নেতৃত্ব দিয়েছে ছাত্র-জনতা ও তরুণ প্রজন্ম। তাই বিএনপি প্রকৃত অর্থে জুলাই বিপ্লবের চেতনা ধারণ করে কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে।
দেশের জ্বালানি খাত নিয়ে উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির বলেন, বাংলাদেশের বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি খাত ভারতীয় সাম্রাজ্যবাদের দালালদের হাতে বন্দি হয়ে পড়েছে বলে মনে হয়। দেশের অর্থনীতি রক্ষা এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিএনপিকে ধ্বংসের হাত থেকে বাঁচানোর জন্য ভবিষ্যৎ রাষ্ট্র গঠনের আন্দোলনে তারা রাজপথে রয়েছেন।
তিনি বলেন, সংবিধান সংস্কার করে পরিবর্তনগুলো স্পষ্টভাবে আনতে হবে এবং দলীয়করণমুক্ত বাংলাদেশ গড়তে হবে। তা করা গেলে বাংলাদেশ, দেশের রাজনীতি এবং বাংলাদেশপন্থি রাজনীতি টিকে থাকবে।
বাংলাদেশ খেলাফত মজলিসের লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি মাওলানা লোকমান হোসেনের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা ছিলেন সংগঠনটির মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমদ ও গাজীপুর জামিয়া মাহমুদিয়ার শায়খুল হাদিস মুফতি আব্দুল মতিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিসের সভাপতি মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজী, বাংলাদেশ খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়সাল আহমাদ, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের সভাপতি মুহাম্মদ আব্দুল আজিজ, বাংলাদেশ খেলাফত যুব মজলিসের সভাপতি মাওলানা জাহিদুজ্জামান, লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির এসইউএম রুহুল আমিন ভূঁইয়া, সেক্রেটারি এআর হাফিজ উল্লাহ এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা সেক্রেটারি অ্যাডভোকেট শামসুজ্জামান সোহেলসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।
পড়ুন : সৈয়দপুর রেলওয়ে কারখানা আধুনিকায়নের আশ্বাস রেলমন্ত্রীর


