শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী এলাকাসহ জেলার বিভিন্ন পূজামণ্ডপের নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আগামী ১৬ থেকে ২২ অক্টোবর পর্যন্ত জেলার ৩৩টি পূজামণ্ডপের নিরাপত্তায় ১৩ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হচ্ছে। পূজাকে কেন্দ্র করে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তাব্যবস্থা।
চাঁপাইনবাবগঞ্জ বিজিবির ৫৩ ও ৫৯ ব্যাটালিয়ন সূত্রে জানা গেছে, ৫৩ বিজিবির আওতাধীন ২০টি পূজামণ্ডপের নিরাপত্তায় দায়িত্ব পালন করবেন ০৮ প্লাটুন সদস্য। এর মধ্যে সীমান্তবর্তী ১০টি পূজামণ্ডপে ০৪ প্লাটুন, ব্যাটালিয়ন সদর দপ্তরের কাছাকাছি ১০টি পূজামণ্ডপে ০২ প্লাটুন সদস্য মোতায়েন করা হবে। পাশাপাশি সদর দপ্তরে জরুরি পরিস্থিতি মোকাবিলায় আরও ০২ প্লাটুন সদস্য সংরক্ষিত থাকবেন।
অন্যদিকে, ৫৯ বিজিবির আওতাধীন ১৩টি পূজামণ্ডপের নিরাপত্তায় মোতায়েন করা হবে ৫ প্লাটুন বিজিবি সদস্য। নিরাপত্তাব্যবস্থা আরও কার্যকর করতে এ ব্যাটালিয়নের আওতায় দুটি বেইজ ক্যাম্প স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে।
নিরাপত্তা নিশ্চিতে বিজিবি নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও সম্ভাব্য ঝুঁকি চিহ্নিত করার কার্যক্রম পরিচালনা করবে। একই সঙ্গে স্থানীয় প্রশাসন, পুলিশ এবং পূজা উদযাপন কমিটির সঙ্গে সমন্বয় করে কাজ করা হবে। গুজব, অপতথ্য ও সাম্প্রদায়িক উসকানি ছড়িয়ে যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়, সে বিষয়েও বিশেষ নজরদারি রাখা হবে।
৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান এবং ৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আল আমিন অপু জানিয়েছেন, সনাতন ধর্মাবলম্বীরা যেন নিরাপদ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপন করতে পারেন, সে লক্ষ্যে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে।
এদিকে, গুজবে কান না দেওয়া, যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য প্রচার না করা এবং সন্দেহজনক কোনো ব্যক্তি বা কার্যকলাপ নজরে এলে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর আহ্বান জানিয়েছে বিজিবি।
সার্বিকভাবে, দুর্গাপূজাকে ঘিরে জেলার সীমান্তবর্তী ও গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা জোরদার করে শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উৎসব উদযাপন নিশ্চিত করতে প্রস্তুত রয়েছে বিজিবি।
পড়ুন : বাহুবলে অসহায় পরিবারের পাশে ইউনাইটেড পিপলস ফাউন্ডেশন


