মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী পদ থেকে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দিতে আজ দুপুর ২টায় জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করার কথা জানিয়েছেন ইশরাক হোসেন। সোমবার (১৯ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাস দিয়ে তিনি নিজেই এই সিদ্ধান্তের কথা জানান।
ফেসবুক স্ট্যাটাসে ইশরাক হোসেন লেখেন, ‘আজ দুপুর ২টায় জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী পদ থেকে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব এবং সাংবাদিকদের মুখোমুখি হব, ইনশাআল্লাহ।’
একই সঙ্গে কিছু সমালোচকের বিষয়ে আক্ষেপ প্রকাশ করে তিনি লেখেন: ‘ফেসবুকে কিছু সুশীল মানুষকে উল্লাসসূচক লেখালেখি করতে দেখলাম। আশা করি, ভবিষ্যতে কখনো আন্দোলন-সংগ্রামের প্রয়োজন হলে তারা জাতীয়তাবাদী আদর্শে অনুপ্রাণিত হয়ে বিদেশ থেকে দেশে এসে সেই আন্দোলনে যোগ দেবেন।’
মন্ত্রিসভা ছাড়লেও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ও দলীয় কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি আরও লেখেন: ‘এবার সংসদ সদস্য বা প্রতিমন্ত্রী হিসেবে নয়, একজন বিএনপি কর্মী হিসেবে মাদকের বিরুদ্ধে শতগুণ বেশি উদ্দীপনা নিয়ে কাজ করব, ইনশাআল্লাহ। পরিচ্ছন্নতা কর্মসূচি আরও জোরদার হবে। দেশব্যাপী প্রজন্ম দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন জেলা সফর করতে পারব। মন্ত্রী নয়, মাদক নির্মূল!মাদক নির্মূল, মাদক নির্মূল!’
এর আগে গত রোববার বিটিভিসহ বিভিন্ন গণমাধ্যমে খবর প্রচার হয় যে, প্রধানমন্ত্রী তারেক রহমান মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনকে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করার নির্দেশ দিয়েছেন। যদিও সরকারিভাবে তখন কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে ইশরাক হোসেন নিজে বিষয়টিকে ‘গুজব’ বলে উড়িয়ে দিয়েছিলেন।
ঘটনার সূত্রপাত হয় মূলত গত শনিবার (১৭ অক্টোবর)। ওই দিন নিজের সংসদীয় আসন ঢাকা-৬ এর অধীন গেন্ডারিয়া থানার ৪৫ নম্বর ওয়ার্ডের রেললাইনসংলগ্ন একটি বস্তিতে আকস্মিক মাদকের আস্তানায় অভিযান চালান প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। এ সময় মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে ৬ জনকে আটক করে পুলিশের হাতে তুলে দেন তিনি। তবে সেই অভিযানে তাঁর অস্ত্র প্রদর্শনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে নানা আলোচনা-সমালোচনা শুরু হয়।
এর রেশ ধরেই রোববার রাতে প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁকে পদত্যাগ করার নির্দেশ দিয়েছেন—এমন সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রচার হতে থাকে। এ বিষয়ে তাৎক্ষণিকভাবে মুঠোফোনে প্রতিক্রিয়া জানতে চাইলে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন সাংবাদিকদের বলেছিলেন, ‘শত শত ফোন আসছে, গুজবে কান না দেয়ার অনুরোধ জানাচ্ছি।’ তবে শেষ পর্যন্ত আজ সোমবার দুপুরে প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে পদত্যাগের চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানালেন তিনি।
পড়ুন : ধর্মীয় পরিচয় নয়, নাগরিক পরিচয়েই গড়তে হবে আগামীর বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান
সা/


