সুনামগঞ্জের শান্তিগঞ্জে পুলিশের বিশেষায়িত ইউনিট স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯-এর অভিযানে ৪৮ বোতল বিদেশি মদসহ সুমন মিয়া (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মদ বহনে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়। অভিযানের সময় তাঁর সঙ্গে থাকা অপর এক ব্যক্তি পালিয়ে যান।
শুক্রবার (২৩ অক্টোবর) রাত আনুমানিক ৮টা ৪৫ মিনিটে উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের নোয়াগাঁও এলাকার একটি কাঁচা রাস্তায় এ অভিযান পরিচালনা করা হয়। শনিবার (২৪ অক্টোবর) এসআরবি-৯-এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, এসআরবি-৯-এর সিপিসি-৩, সুনামগঞ্জের একটি অভিযানিক দল শান্তিগঞ্জের ডাবর পয়েন্ট এলাকায় দায়িত্ব পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, পূর্ব পাগলা ইউনিয়নের নোয়াগাঁও এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশায় কয়েকজন ব্যক্তি মাদক কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছেন।
এ তথ্যের ভিত্তিতে রাত আনুমানিক ৮টা ৪৫ মিনিটে অভিযানিক দলটি ঘটনাস্থলে পৌঁছালে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করেন। এ সময় অভিযানিক দল একজনকে আটক করতে সক্ষম হলেও অপর ব্যক্তি দৌড়ে পালিয়ে যান।
পরে আটক ব্যক্তির দেওয়া তথ্য অনুযায়ী, সিএনজিচালিত অটোরিকশায় তল্লাশি চালিয়ে দুটি সাদা কাগজের কার্টনের ভেতর থেকে ৪৮ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। এ সময় মদসহ অটোরিকশাটি জব্দ করে আটক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সুমন মিয়া (৩৫) শান্তিগঞ্জ উপজেলার পাগলাকান্দিগাঁও গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে। এসআরবি-৯-এর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুমন জানিয়েছেন, তিনি ও পলাতক ব্যক্তি সুনামগঞ্জের সীমান্তবর্তী এলাকা থেকে বিদেশি মদ সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিলেন। তবে এ বিষয়ে স্বাধীনভাবে যাচাই করা কোনো তথ্য সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।
অভিযান শেষে গ্রেপ্তার ব্যক্তি, উদ্ধার করা বিদেশি মদ ও জব্দ করা সিএনজিচালিত অটোরিকশা পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শান্তিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে এসআরবি-৯।
এসআরবি-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া কর্মকর্তা কে এম শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।
পড়ুন : মাদ্রাসায় বলাৎকার বন্ধে কঠোর অবস্থানে সরকার: ধর্মমন্ত্রী
সা/


