২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার পল্টনে সংঘটিত সহিংসতার বিচার ও জড়িতদের শাস্তির দাবিতে ঝিনাইদহের কালীগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার বিকেলে কালীগঞ্জ উপজেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে নেতাকর্মীরা ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করার দাবি জানান।
বিক্ষোভ মিছিলটি শহরের মেইন বাসস্ট্যান্ডের বায়তুল আমান জামে মসজিদের সামনে থেকে বের হয়। এরপর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নিমতলা বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয়। এর আগে মসজিদের সামনে কালীগঞ্জ উপজেলা জামায়াতের আমীর আব্দুল হক মোল্লার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আবু তালিব।
এছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জামায়াতের কালীগঞ্জ উপজেলা শাখার সাবেক আমীর ওলিয়ার রহমান, উপজেলা জামায়াতের সেক্রেটারি লুৎফর রহমানসহ প্রমুখ।
সমাবেশে প্রধান অতিথি আবু তালিব বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার রাজপথে সেদিন ফ্যাসিস্ট হাসিনা তার দলবল লগি-বৈঠা দিয়ে একটি শান্তিপূর্ণ সমাবেশে নীরিহ মানুষের উপর হামলা করেছিল। এই হামলা ছিল স্বাধীনতা-স্বার্বভৌমের বিরুদ্ধে। এই হামলা ছিল গণতন্ত্রের বিরুদ্ধে। অবিলম্বে পল্টনে সংঘটিত সহিংসতার বিচার দাবি করেন এবং ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার আহ্বান জানান তিনি।
পড়ুন : ধামরাইয়ে মাঠে ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু


