জমির সীমানা নির্ধারণ এবং নামজারি করে দেওয়ার আশ্বাসে ৮০ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগে ঢাকার লালবাগ রাজস্ব সার্কেলের (ভূমি অফিস) এক সার্ভেয়ারকে হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে দুদকের ঢাকা-১ জেলা কার্যালয়ের একটি বিশেষ দল পরিকল্পিত ফাঁদ অভিযান চালিয়ে তাকে আটক করে। সংস্থার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। আটকের বিষয়টি নিশ্চিত করে দুদকের উপপরিচালক মো. আকতারুল ইসলাম জানান, সার্ভেয়ারের বিরুদ্ধে মামলা দায়েরসহ তাকে আদালতে সোপর্দ করার আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
দুদক সূত্রে জানা যায়, অবসরপ্রাপ্ত সৈনিক মো. মনিরুল ইসলাম ঢাকার লালবাগ থানার চর-কামরাঙ্গী মৌজার বিভিন্ন দাগে মোট ২৮২ শতাংশ জমির মালিকদের কাছ থেকে নিবন্ধিত অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অব অ্যাটর্নি গ্রহণ করেন। এর মাধ্যমে তিনি জমির মালিকদের পক্ষে আইনি তদারকির ক্ষমতা পান। গত ২৭ এপ্রিল ওই জমির সীমানা নির্ধারণ, সরকারি ও ব্যক্তিমালিকানাধীন জমির সীমানা পৃথকীকরণ এবং স্কেচম্যাপ বা নকশা তৈরির জন্য ঢাকা জেলা প্রশাসকের দপ্তরে আবেদন করেন তিনি।
কিন্তু প্রায় ছয় মাস ধরে লালবাগ রাজস্ব সার্কেলের বিভিন্ন দপ্তরে যোগাযোগ করেও তিনি কাজ শেষ করতে পারেননি। একপর্যায়ে তাকে ওই কার্যালয়ের সার্ভেয়ার মোহাম্মদ আসাদুল ইসলামের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়।
অভিযোগ রয়েছে, সার্ভেয়ার আসাদুল ইসলাম জমির সীমানা নির্ধারণ ও নামজারি সম্পন্ন করে দেওয়ার শর্তে মনিরুলের কাছে মোট ৮০ লাখ টাকা ঘুষ দাবি করেন। এ বিষয়ে ভুক্তভোগী মনিরুল ইসলাম দুদককে অবহিত করে ঘুষের সঙ্গে জড়িত ব্যক্তিকে হাতেনাতে ধরতে ফাঁদ অভিযান পরিচালনার অনুরোধ জানান।
অভিযোগের প্রাথমিক সত্যতা যাচাইয়ের পর মঙ্গলবার সকালে দুদকের ঢাকা-১ জেলা কার্যালয়ের একটি বিশেষ দল লালবাগ রাজস্ব সার্কেলে ফাঁদ অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে ১ লাখ টাকা নগদ ঘুষ গ্রহণের সময় সার্ভেয়ার মোহাম্মদ আসাদুল ইসলামকে হাতেনাতে আটক করা হয়। দুদক জানিয়েছে, আসামির বিরুদ্ধে ঢাকা-১ জেলা কার্যালয়ে নিয়মিত মামলা দায়ের ও তাকে আদালতে হস্তান্তরের আইনি প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।
পড়ুন : মিরপুরে বিক্ষোভ ও সংঘর্ষের পর পরিস্থিতি স্বাভাবিক, মেট্রো স্টেশন চালু
সা/


