মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীন বাংলাদেশের মাটিতে একজন বীর মুক্তিযোদ্ধার শেষ বিদায়ে বাধা প্রদানের ঘটনায় গভীর ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন নেত্রকোনার বীর মুক্তিযোদ্ধারা। বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা প্রদান এবং জামায়াত-শিবিরের দেশবিরোধী চক্রান্তের প্রতিবাদে নেত্রকোনায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ১১টায় জেলা শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনের সড়কে নেত্রকোনা জেলা ও সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত বীর মুক্তিযোদ্ধা এবং প্রগতিশীল সাংস্কৃতিক অঙ্গনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
সুব্রত ঘোষের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, জীবন বাজি রেখে যাঁরা দেশের স্বাধীনতা এনে দিয়েছেন, মৃত্যুর পর তাঁদের রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করা জাতির নৈতিক দায়িত্ব। অথচ অত্যন্ত দুঃখজনকভাবে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফন কাজে বাধা সৃষ্টি করা হয়েছে, যা কেবল একজন মুক্তিযোদ্ধার প্রতি অসম্মান নয়, বরং গোটা মুক্তিযুদ্ধের চেতনার ওপর আঘাত।
সমাবেশে বক্তারা অবিলম্বে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর মরদেহ কবর থেকে উত্তোলন করে যথাযথ রাষ্ট্রীয় মর্যাদায় (গার্ড অব অনার) পুনরায় দাফন করার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানান। একই সঙ্গে তারা স্বাধীনতাবিরোধী জামায়াত-শিবিরের সাম্প্রতিক দেশবিরোধী নানা ষড়যন্ত্র ও অপতৎপরতার তীব্র নিন্দা জানান। দেশের সার্বভৌমত্ব ও মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখতে নতুন প্রজন্মসহ সমাজের সর্বস্তরের মানুষকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকার উদাত্ত আহ্বান জানান রণাঙ্গনের যোদ্ধারা।
মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, নেত্রকোনা জেলা সংসদের যুগ্ম-আহ্বায়ক শামসুল হক মাহবুব, সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তালুকদার এবং জেলা মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক হায়দার জাহান চৌধুরী।
এছাড়াও কর্মসূচিতে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন খান, মোজাম্মেল হক বাচ্চু, আক্কাস আলী, তরিকুল ইসলাম, আলী আজগর খান পন্নী ও বোরহান উদ্দিন। বিভিন্ন উপজেলার প্রতিনিধিদের মধ্যে বক্তব্য রাখেন পূর্বধলার বীর মুক্তিযোদ্ধা আবদুল আজিজ, কেন্দুয়ার নুরুল হক ও কলমাকান্দার আব্দুল বারী চান মিয়া। সাংস্কৃতিক অঙ্গনের পক্ষে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, নেত্রকোনা জেলা সংসদের সভাপতি মোস্তাফিজুর রহমান।
বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, বীর মুক্তিযোদ্ধাদের প্রাপ্য সম্মান ও মর্যাদা নিয়ে কোনো ধরনের ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না। অবিলম্বে দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা এবং মরহুম মানিক পশারীর রাষ্ট্রীয় মর্যাদা নিশ্চিত করার মধ্য দিয়েই কেবল এই ক্ষোভের নিরসন হতে পারে।
পড়ুন : ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৭ মৃত্যু, নতুন রোগী ১৫৯৬
সা/


