সমৃদ্ধ ফটিকছড়ি গড়তে সব ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে: এমপি সরোয়ার আলমগীর

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে চট্টগ্রামের ফটিকছড়িতে বিএনপির চার ইউনিটের উদ্যোগে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৮ নভেম্বর) বিকেলে ফটিকছড়ি সরকারি মাঠে আয়োজিত এ জনসভায় প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ির সংসদ সদস্য ও বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সরোয়ার আলমগীর।

প্রধান অতিথির বক্তব্যে সরোয়ার আলমগীর বলেন, ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস বাংলাদেশের জাতীয় ইতিহাসে এক অনন্য ও গৌরবোজ্জ্বল দিন। ১৯৭৫ সালের এই দিনে দেশপ্রেমিক সিপাহী-জনতা ঐক্যবদ্ধ হয়ে বিদেশি চক্রান্ত ও স্বৈরাচারের হাত থেকে দেশ এবং বহুদলীয় গণতন্ত্র রক্ষায় ভূমিকা রেখেছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বর্তমান সময়েও দেশবিরোধী যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, ১৯৭১ ও ২০২৪ সালের পরাজিত শক্তি আবারও ঐক্যবদ্ধ হয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের উন্নয়ন কার্যক্রম বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র করছে। তবে বিএনপি রাজপথে রয়েছে, কোনো ষড়যন্ত্রই সফল হতে দেওয়া হবে না।

সরোয়ার আলমগীর বলেন, ১৯৭১ সালে রাজনৈতিক নেতৃত্ব যখন ব্যর্থ হয়েছিল, তখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চট্টগ্রাম বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়ে জাতিকে মুক্তিযুদ্ধে অনুপ্রাণিত করেছিলেন। তাঁরই সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ‘দিল্লি নয়, পিন্ডি নয়, অন্য কোনো দেশ নয়, সবার আগে বাংলাদেশ’—এই স্লোগান ধারণ করেই দেশকে এগিয়ে নিতে হবে। তারেক রহমান সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। ফটিকছড়িতেও উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে। তবে একটি কুচক্রী মহল উন্নয়ন বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র করছে। সমৃদ্ধ ফটিকছড়ি গড়তে সব ষড়যন্ত্র মোকাবিলা করে ঐক্যবদ্ধভাবে কাজ করার পাশাপাশি উন্নয়ন কর্মকাণ্ডে সবার সহযোগিতা কামনা করেন তিনি।

জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে স্বৈরাচারের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি থেকে দেশকে উত্তরণে সরকার দিনরাত কাজ করে যাচ্ছে। ফটিকছড়ির উন্নয়নে রাজপথের পরীক্ষিত নেতা সংসদ সদস্য সরোয়ার আলমগীরের হাতকে শক্তিশালী করার আহ্বান জানান তিনি।

ফটিকছড়ি পৌরসভা বিএনপির আহ্বায়ক মোবারক হোসেন কাঞ্চনের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সদস্য সচিব জহির আজম চৌধুরীর সঞ্চালনায় জনসভায় আরও বক্তব্য দেন আহমেদ হোসেন তালুকদার, নাজিম উদ্দীন শাহীন, রফিকুল আলম, বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চৌধুরী, এজাহার মিয়া, আবুল কালাম আজাদ, শফিউল আলম ও নাছির উদ্দীনসহ বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

জনসভায় কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে ঢাকা থেকে আগত শিল্পী ইতুন বাবু, শিল্পী মৌসুমিসহ একটি দল সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করে।

এর আগে বিকেলে সংসদ সদস্য সরোয়ার আলমগীরের নেতৃত্বে ফটিকছড়ি সদর বিবিরহাট এলাকায় বিশাল র‍্যালি অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

পড়ুন : হবিগঞ্জে বিজিবির পৃথক অভিযানে ১০ লাখ টাকার ভারতীয় পণ্য ও মদ জব্দ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন