ধর্ষণের অভিযোগ, মাদকের বিস্তার আর অপরাধীদের দৌরাত্ম্যে উদ্বেগ-ক্ষোভ ছড়িয়ে পড়েছে সুনামগঞ্জের ছাতক উপজেলার কুছবাড়ি গ্রামে। সোমবার দুপুরে এসব অপরাধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন গ্রামবাসী। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত এ কর্মসূচি থেকে ধর্ষণের অভিযোগের সুষ্ঠু তদন্ত ও বিচার এবং মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।
বিক্ষোভকারীদের অভিযোগ, এলাকায় মাদকের বিস্তার দিন দিন বাড়ছে। এতে সামাজিক পরিবেশ নষ্ট হওয়ার পাশাপাশি নারী ও শিশুদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। ধর্ষণের অভিযোগের সুষ্ঠু বিচার এবং মাদকের বিস্তার রোধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ চান তাঁরা।
বিক্ষোভে অংশ নিয়ে স্থানীয় বাসিন্দা সানোয়ার হোসেন অভিযোগ করেন, তিন দিন আগে পাশের ফকিটিলা গ্রামে শ্বশুরবাড়িতে গিয়ে তিনি নিজের স্ত্রীকে শ্বশুর রাজা মিয়ার সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখতে পান। তাঁর দাবি, ওই সময় তাঁর স্ত্রীকে ধর্ষণ করছিলেন রাজা মিয়া। পরে মেয়েকে ভয়ভীতি দেখিয়ে নিজের কাছে রেখে দিয়েছেন বলেও অভিযোগ করেন তিনি। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন সানোয়ার।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন রাজা মিয়া। তাঁর দাবি, জায়গা-জমির লোভে জামাতা তাঁকে ফাঁসাতে মিথ্যা অভিযোগ তুলেছেন। ব্যবসায়িক বিরোধের জেরেও কয়েকজন এ ঘটনায় ইন্ধন দিচ্ছেন বলে দাবি করেন তিনি। রাজা মিয়া বলেন, নিজের মেয়েকে নিয়ে এমন অপবাদে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নিচ্ছেন বলেও জানান তিনি।
সমাবেশ থেকে ধর্ষণের অভিযোগের সুষ্ঠু তদন্ত, জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। একই সঙ্গে উপজেলার চিহ্নিত মাদক ব্যবসায়ী আলকাছ মিয়া ও মাদকসেবীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান বক্তারা।
এ বিষয়ে বক্তব্য জানতে ছাতক থানায় গেলে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাপ্তরিক পোশাক পরিহিত না থাকার কারণ দেখিয়ে বক্তব্য দিতে রাজি হননি। তবে সুনামগঞ্জের পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন মুঠোফোনে বলেন, বিষয়টি তাঁদের নজরে এসেছিল। পরে মেয়েটিকে উদ্ধার করা হয়েছে। তাঁর কাছে ঘটনাটি গুজব বলে মনে হয়েছে। মাদক নির্মুলে কার্যকরী প্রদক্ষেপ নেয়া হবে বলেও জানান তিনি৷ এদিকে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এলাকায় মাদকের বিস্তার রোধে কার্যকর পদক্ষেপের অভাব রয়েছে। দ্রুত অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।
পড়ুন:নওগাঁয় মানবাধিকার সুরক্ষায় জেলা নেটওয়ার্কের মাসিক সভা অনুষ্ঠিত
ইমি/


