ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে চাঁদপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান–২০২৬ পরিচালনা করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, চাঁদপুর ইউনিট। ‘ডেঙ্গু প্রতিরোধে সতর্ক হোন, নিজে বাঁচুন, পরিবারকে বাঁচান’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে শহরের বিভিন্ন এলাকায় সচেতনতামূলক প্রচার-প্রচারণা ও পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হয়।
কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুর শহরের বিভিন্ন মহল্লা ও প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ, মাইকিং এবং পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবীরা। এ সময় সাধারণ মানুষকে ডেঙ্গু রোগের ভয়াবহতা, এডিস মশার প্রজননস্থল চিহ্নিত করা এবং মশার কামড় থেকে রক্ষা পাওয়ার উপায় সম্পর্কে সচেতন করা হয়।
অভিযানে বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি কোথাও যেন পানি জমে না থাকে, সে বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। বিশেষ করে ফুলের টব, পরিত্যক্ত টায়ার, ডাবের খোসা, প্লাস্টিকের পাত্র, পানির ট্যাংক ও বিভিন্ন পরিত্যক্ত সামগ্রীতে জমে থাকা পানি নিয়মিত অপসারণের পরামর্শ দেওয়া হয়। কারণ এসব স্থানে জমে থাকা স্বচ্ছ পানিতে এডিস মশা বংশবিস্তার করতে পারে।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, চাঁদপুর ইউনিটের সেক্রেটারি ফয়সাল আহমেদ বাহার, রেড ক্রিসেন্ট চাঁদপুর ইউনিট কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য ও প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদি এবং রেড ক্রিসেন্ট চাঁদপুর ইউনিট কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য সাংবাদিক রিয়াজুর রহমান রানা। এ ছাড়া যুব রেড ক্রিসেন্টের বিভিন্ন পর্যায়ের স্বেচ্ছাসেবী সদস্যরা সক্রিয়ভাবে এ অভিযানে অংশ নেন।
এ সময় যুব রেড ক্রিসেন্টের সদস্যরা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সচেতনতামূলক প্রচারণা যথেষ্ট নয়, প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বাড়ির আঙিনা, ছাদ, বারান্দা ও আশপাশের পরিবেশ নিয়মিত পরিষ্কার রাখার মাধ্যমে এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা সম্ভব। ব্যক্তি, পরিবার, সামাজিক সংগঠন ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সম্মিলিত উদ্যোগই ডেঙ্গুর বিস্তার রোধে কার্যকর ভূমিকা রাখতে পারে।
রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবীরা জানান, ডেঙ্গুর ঝুঁকি কমানো এবং সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্যসচেতনতা গড়ে তুলতে তাদের এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে। বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠীর কাছে ডেঙ্গু প্রতিরোধের বার্তা পৌঁছে দেওয়া এবং পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
সংশ্লিষ্টরা মনে করেন, ডেঙ্গু প্রতিরোধে আক্রান্ত ব্যক্তির চিকিৎসার পাশাপাশি রোগের বাহক এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা অত্যন্ত জরুরি। তাই শুধু অভিযান চলাকালে নয়, সারা বছর নিজ নিজ বাসস্থান ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার বিষয়ে সবাইকে সচেতন হতে হবে।
জনস্বাস্থ্য সুরক্ষায় রেড ক্রিসেন্টের এ উদ্যোগ চাঁদপুরে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি এবং পরিচ্ছন্ন নগর গড়ে তোলার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
পড়ুন : নেত্রকোনায় শিশুখাদ্যে ভেজাল ও বাসি খাবার সংরক্ষণ: ২ প্রতিষ্ঠানকে জরিমানা


