পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা ও নাগরিকসেবায় গাফিলতি থাকলে তাৎক্ষণিক বরখাস্ত: এলজিআরডি প্রতিমন্ত্রী

পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা ও নাগরিকসেবা ব্যাহত হলে সংশ্লিষ্ট কর্মকর্তাকে তাৎক্ষণিক বরখাস্ত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

বিজ্ঞাপন

আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তোলা এবং নাগরিকসেবা নিশ্চিত করতে ব্যর্থ পৌরসভার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

বুধবার (১১ নভেম্বর) স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে এক জাতীয় কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব মো. শহীদুল হাসানের সভাপতিত্বে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

মীর শাহে আলম বলেন, ‘বর্জ্য ব্যবস্থাপনা পৌরসভার অন্যতম প্রধান দায়িত্ব হলেও অধিকাংশ পৌরসভায় বর্জ্য ফেলার জন্য নির্দিষ্ট ল্যান্ডফিল নেই। খোলা জায়গায় বর্জ্য ফেলার কারণে পরিবেশদূষণের পাশাপাশি জনস্বাস্থ্যও হুমকির মুখে পড়ছে।

এ পরিস্থিতি থেকে উত্তরণে দ্রুত ম্যানহোল ও সীমানাপ্রাচীরসহ আধুনিক ল্যান্ডফিল নির্মাণ করতে হবে। এসব স্থাপনায় আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বর্জ্য থেকে বিদ্যুৎ ও সার উৎপাদনের ব্যবস্থা করতে হবে।
’
কর্মশালায় পৌরসভার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের অনুপস্থিতি নিয়েও অসন্তোষ প্রকাশ করেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘সরকার বিপুল অর্থ ব্যয় করে গুরুত্বপূর্ণ এ কর্মশালার আয়োজন করেছে। অথচ ৬১টি পৌরসভার মধ্যে ১৭ জন প্রশাসক ও ১৯ জন পৌর নির্বাহী কর্মকর্তা এতে উপস্থিত হননি। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের এমন উদাসীনতা কর্মশালার মূল উদ্দেশ্যকেই প্রশ্নবিদ্ধ করে।’ তবে প্রকৌশলীদের উপস্থিতির প্রশংসা করেন তিনি।

পৌরসভার মাস্টারপ্ল্যান প্রণয়নে অতীতের অনিয়মের কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, ‘রাজনৈতিক প্রভাবের কারণে অতীতে মাস্টারপ্ল্যানের তালিকায় বড় ধরনের অনিয়ম হয়েছে। এতে অনেক গুরুত্বপূর্ণ ও যোগ্য পৌরসভা বঞ্চিত হয়েছে। জেলাভিত্তিক এবং ‘‘ক’’ শ্রেণির পৌরসভাগুলোকে এ ক্ষেত্রে শুরুতেই অগ্রাধিকার দেওয়া উচিত ছিল।’

স্থানীয় সরকার বিভাগের আওতায় এলজিইডির মাধ্যমে সারা দেশে এক লাখ ২০ হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প চলমান রয়েছে উল্লেখ করে মীর শাহে আলম বলেন, ‘শুধু রাস্তাঘাট নির্মাণ করলেই হবে না। শিশুদের জন্য পার্ক, কবরস্থান, সুপেয় পানির সরবরাহ, খাল ও জলাশয় সংরক্ষণ এবং ব্যাপক বৃক্ষরোপণের দিকেও গুরুত্ব দিতে হবে।’

জন্ম ও মৃত্যু নিবন্ধনসহ নাগরিক সেবা দিতে হয়রানি ও দুর্নীতির বিষয়ে কঠোর অবস্থানের কথা জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘কিছু পৌরসভায় পরিকল্পিতভাবে সেবা বন্ধ রেখে কিংবা দুর্নীতির মাধ্যমে নাগরিকদের কাছ থেকে অনৈতিক সুবিধা নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এসব কোনোভাবেই বরদাশত করা হবে না। একইভাবে সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপনের জন্য বরাদ্দ দেওয়া অর্থ অব্যবহৃত ফেলে রাখা পৌরসভার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।’

সরকারের সামাজিক সুরক্ষা কর্মসূচি প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ‘নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে আগামী চার বছরের মধ্যে চার কোটি পরিবারের গৃহকর্ত্রীদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেওয়া হবে। চলতি বছর ১৩ হাজার কোটি টাকা বরাদ্দের মাধ্যমে ৪১ লাখ নারীকে এ কর্মসূচির আওতায় আনা হবে।’

পিছিয়ে পড়া তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ তৈরির ওপরও গুরুত্ব দেন তিনি। ইংরেজির পাশাপাশি আরবি, মালয়, কোরিয়ান ও জাপানিজ ভাষা শেখানোর আহ্বান জানান প্রতিমন্ত্রী।

এ ছাড়া সাড়ে তিন লাখের বেশি ধর্মীয় প্রতিষ্ঠানের প্রধানদের রাষ্ট্রীয় সম্মানীর আওতায় আনা এবং প্রতিটি ইউনিয়নে ধর্মীয় উপাসনালয় সংস্কারের জন্য ৩০ লাখ টাকা করে বরাদ্দ দেওয়ার কথাও উল্লেখ করেন তিনি।

কর্মশালায় স্থানীয় সরকার বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও নির্বাহী প্রকৌশলী, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নগর ও গ্রামীণ পরিকল্পনা বিভাগের শিক্ষক এবং বিভিন্ন পৌরসভার প্রশাসক, প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।

পড়ুন : আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের প্রেস ব্রিফিং কেন বেআইনি নয়: হাইকোর্ট

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন