রাজধানীর মিরপুর এলাকায় পার্কিং করে রাখা তিনটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১১ নভেম্বর) মধ্যরাত থেকে ভোরের মধ্যে শাহ আলী ও পল্লবী থানা এলাকার পৃথক দুটি স্থানে এসব ঘটনা ঘটে। আগুনে তিনটি বাসই বিভিন্ন মাত্রায় ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে এসব ঘটনায় জড়িত কাউকে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বুধবার রাত পৌনে ১টার (১২:৪৫ মিনিট) দিকে শাহ আলী থানার চিড়িয়াখানা রোডের জাহাঙ্গীর হোটেলের সামনে পার্ক করে রাখা ‘চিড়িয়াখানা সিটি পরিবহন’-এর একটি বাসে প্রথম আগুন দেওয়া হয়। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের কর্মকর্তা রাশেদ বিন খালেদ জানান, রাত ১টা ১৯ মিনিটে খবর পেয়ে তাদের টিম সেখানে পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলে। এ ঘটনায় বাসটির পেছনের ১৪ থেকে ১৬টি আসন, কাভার, জানালার কাচ ও বডি পুড়ে আনুমানিক দুই থেকে তিন লাখ টাকার ক্ষতি হয়েছে।
শাহ আলী থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) মো. রিপন জানান, ঘটনার পরপরই পুলিশের একাধিক দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এর কয়েক ঘণ্টা পর, সকাল পৌনে ৭টার (৬:৪০ মিনিট) দিকে পল্লবী থানাধীন মিরপুর-১২ নম্বরের কালশী রোডস্থ ফুলকলি মোড়ে পার্কিং করা আরও দুটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। বাস দুটি ছিল ‘বিকল্প পরিবহন’ ও ‘অভিজাত পরিবহন’-এর। সেখানেও স্থানীয়রা পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে বিকল্প পরিবহনের বাসটির সব আসন, কাচ ও বডি সম্পূর্ণ পুড়ে গিয়ে আনুমানিক ৮ থেকে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। অন্যদিকে, অভিজাত পরিবহনের বাসটির পেছনের দুটি জানালার কাচ ও আসন ক্ষতিগ্রস্ত হয়ে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন অগ্নিসংযোগের ঘটনা নিশ্চিত করে জানান, জনমনে আতঙ্ক সৃষ্টির লক্ষ্যেই দুর্বৃত্তরা এই ঘটনাগুলো ঘটাচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।
উল্লেখ্য, রাজধানীজুড়ে পার্কিং করা বাসে ধারাবাহিকভাবে অগ্নিকাণ্ডের ঘটনায় গণপরিবহনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এর আগে গত ৯ নভেম্বর রাতেও মিরপুর-১১ নম্বরে ‘বসুমতি পরিবহন’-এর একটি বাসে এবং তার পূর্বে ফার্মগেট এলাকাতেও পার্ক করা বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল।
পড়ুন : আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের প্রেস ব্রিফিং কেন বেআইনি নয়: হাইকোর্ট
সা/


