পাবনা-ঢাকা রুটে দুই নতুন আন্তঃনগর ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু

পাবনা ও ঢাকার মধ্যে সরাসরি রেল যোগাযোগের নতুন দ্বার উন্মোচন করতে চালু হতে যাচ্ছে দুটি নতুন আন্তঃনগর ট্রেন—‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ ও ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৮টা থেকে অনলাইনে এই ট্রেন দুটির আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে। প্রথম ধাপে যাত্রীরা আগামী ২০, ২১ ও ২২ নভেম্বরের যাত্রার টিকিট সংগ্রহ করতে পারছেন।

বিজ্ঞাপন

রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকীর বুধবার (১১ নভেম্বর) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, আসনভেদে পাবনা থেকে ঢাকার টিকিটের মূল দাম নির্ধারণ করা হয়েছে ৪২৫ টাকা। তবে অনলাইন টিকিট বিক্রির দায়িত্বে থাকা প্রতিষ্ঠান সহজের ২০ টাকা সার্ভিস চার্জ যুক্ত হওয়ায় যাত্রীদের মোট ৪৪৫ টাকা পরিশোধ করতে হবে। প্রথম ধাপের পর থেকে নির্ধারিত নিয়ম অনুযায়ী যাত্রার ১০ দিন আগে অনলাইনে টিকিট পাওয়া যাবে।

আগামী ১৯ নভেম্বর বিকেল সাড়ে ৪টায় ‘পাবনা উদ্বোধনী এক্সপ্রেস’ নামে পাবনা স্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার মধ্য দিয়ে ট্রেন দুটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। বিশেষ এই উদ্বোধনী যাত্রায় ট্রেনটি শুধু ঈশ্বরদী স্টেশনে বিরতি দেবে। তবে উদ্বোধনী যাত্রার টিকিট অনলাইনে পাওয়া যাবে না; যাত্রীদের পাবনা ও ঈশ্বরদী রেলওয়ে স্টেশনের কাউন্টার থেকে কম্পিউটারাইজড পদ্ধতিতে তা সংগ্রহ করতে হবে।

উদ্বোধনের পরদিন অর্থাৎ ২০ নভেম্বর থেকে ট্রেন দুটি নিয়মিত বাণিজ্যিকভাবে চলাচল শুরু করবে। সময়সূচি অনুযায়ী, ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ প্রতিদিন সকাল ৮টায় পাবনা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে এবং ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ বিকেল ৩টা ২৫ মিনিটে ঢাকা থেকে পাবনার উদ্দেশে যাত্রা করবে। নিয়মিত চলাচলের সময় ঢাকা-পাবনা-ঢাকা রুটে ট্রেন দুটি ঈশ্বরদী, চাটমোহর, বড়ালব্রিজ, উল্লাপাড়া, শহীদ এম মনসুর আলী, টাঙ্গাইল, জয়দেবপুর ও ঢাকা বিমানবন্দর স্টেশনে যাত্রাবিরতি করবে।

পড়ুন : এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রল বোমা হামলা ও আগুন

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন