নুরপুরের পানের হাটে বছরে বিক্রি সাড়ে ১০ কোটি টাকার পান

মেহেরপুরের সদর উপজেলার নুরপুর বাজারে সপ্তাহে চার দিন বসে পানের হাট। প্রতিটি হাটে কয়েক ঘণ্টার ব্যবধানে বিক্রি হয় ৫ থেকে ৬ লাখ টাকার পান। সে হিসাবে বছরে এ বাজারে প্রায় ১০ কোটি ৫০ লাখ টাকার পান বেচাকেনা হয়। জেলার বিভিন্ন এলাকার পানচাষিদের পাশাপাশি পার্শ্ববর্তী কয়েকটি জেলা থেকেও পাইকারি ক্রেতারা আসেন এ হাটে। এতে স্থানীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বাজারটি। তবে পানের পাতা ঝরে যাওয়া, গাছ মরে যাওয়া এবং উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় উদ্বেগে রয়েছেন চাষিরা।

বিজ্ঞাপন

নুরপুর বাজারের পানের হাটে সপ্তাহের নির্দিষ্ট চার দিন সকাল থেকেই শুরু হয় বেচাকেনা। বিভিন্ন গ্রামের পানচাষিরা তাঁদের বরজ থেকে সংগ্রহ করা পান নিয়ে আসেন এখানে। আকার, মান ও পাতা অনুযায়ী দরদাম করে পান কিনে নেন পাইকারি ব্যবসায়ীরা। কয়েক ঘণ্টার মধ্যেই লাখ লাখ টাকার পান বিক্রি হয়ে যায় এ বাজারে।

পান চাষিদের কাছে এ হাট শুধু পণ্য বিক্রির জায়গা নয়, তাঁদের নিয়মিত আয়ের অন্যতম উৎস। অনেকেই ধারদেনা করে পানের বরজ তৈরি করেছেন। নিয়মিত পরিচর্যা, সার, কীটনাশক ও শ্রমিকের পেছনে ব্যয় করতে হয় উল্লেখযোগ্য অর্থ। কিন্তু সাম্প্রতিক সময়ে পানের পাতা ঝরে যাওয়া, গাছ মরে যাওয়া এবং বিভিন্ন রোগবালাইয়ের কারণে উৎপাদন ব্যাহত হচ্ছে। ফলে কাঙ্ক্ষিত ফলন না পাওয়ায় বিপাকে পড়েছেন তাঁরা।

নুরপুর গ্রামের পানচাষি শরিফুল ইসলাম জানান, পানের বরজ তৈরি থেকে শুরু করে উৎপাদন পর্যন্ত অনেক টাকা বিনিয়োগ করতে হয়। কিন্তু পানের পাতা ঝরে যাওয়া ও গাছ মরে যাওয়ায় উৎপাদন কমে যাচ্ছে। এতে খরচের তুলনায় আয় কম হচ্ছে। অনেক সময় ধারদেনা করে বরজের পরিচর্যা করতে হচ্ছে।

কোমরপুর গ্রামের পানচাষি আতিকুর রহমান বলেন, পানের বরজে রোগবালাই ও পোকামাকড়ের আক্রমণ বেড়েছে। এসব সমস্যা মোকাবিলায় বাড়তি খরচ করতে হচ্ছে। অন্যদিকে সার, কীটনাশক ও শ্রমিকের মজুরি বেড়ে যাওয়ায় উৎপাদন খরচ অনেক বেশি। কিন্তু বাজারে পান বিক্রি করে সেই খরচ তুলতে হিমশিম খেতে হচ্ছে।

এদিকে শুধু মেহেরপুর নয়, পার্শ্ববর্তী চুয়াডাঙ্গাসহ বিভিন্ন জেলা থেকে পাইকারি ব্যবসায়ীরা এ বাজারে পান কিনতে আসেন। কেউ নিজেদের দোকানের জন্য, আবার কেউ বিভিন্ন এলাকার হাটবাজারে বিক্রির উদ্দেশ্যে পান সংগ্রহ করেন।

চুয়াডাঙ্গার নাটদাহ এলাকার পান ক্রেতা রফিক মোল্লা জানান, নুরপুরের হাটে বিভিন্ন গ্রামের পানচাষিরা পান নিয়ে আসেন। এক জায়গায় অনেক ধরনের পান পাওয়া যায়। তাই এখান থেকে পান কিনে নিয়ে গিয়ে বিভিন্ন বাজারে বিক্রি করেন তাঁরা।

চুয়াডাঙ্গার ভালাইপুর এলাকার শিমুল বলেন, নুরপুরের পানের হাটে নিয়মিত আসেন তাঁরা। এখানে পাইকারি দরে পান কেনার সুযোগ রয়েছে। বিভিন্ন এলাকার ক্রেতা-বিক্রেতার সমাগম হওয়ায় প্রয়োজন অনুযায়ী পান সংগ্রহ করা সহজ হয়।

কৃষি বিভাগ বলছে, পানের পাতা ঝরে যাওয়া ও পোকামাকড়ের আক্রমণ প্রতিরোধে চাষিদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে। পাশাপাশি আধুনিক চাষাবাদ পদ্ধতি অনুসরণ এবং রোগবালাই নিয়ন্ত্রণে সচেতনতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। ইউরোপের বাজারে পানের চাহিদা তৈরি হওয়ায় এ ফসলের আবাদ সম্প্রসারণের সম্ভাবনাও রয়েছে।

মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কাজী শাহনেওয়াজ জানান, পানের রোগবালাই প্রতিরোধ ও উৎপাদন বাড়াতে কৃষকদের নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে। পানের আন্তর্জাতিক বাজার তৈরি হওয়ায় এ ফসলের অর্থনৈতিক সম্ভাবনা বাড়ছে। কৃষকদের উৎপাদন বাড়ানোর পাশাপাশি মানসম্মত পান উৎপাদনে উৎসাহিত করা হচ্ছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর মেহেরপুর জেলায় প্রায় ২০০ হেক্টর জমিতে পান চাষ হয়েছে। জেলার কৃষি অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে এ ফসল। আর নুরপুরের পানের হাটকে কেন্দ্র করে গড়ে উঠেছে বড় ধরনের বাণিজ্যিক কার্যক্রম।

পড়ুন : খুলনার রূপসায় দোকানে ঢুকে বিএনপি নেতাকে গুলি করে হত্যা

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন