২০ হাজার পেশাদার চালককে প্রশিক্ষণ দেবে বিআরটিসি, শুরু রোববার

সড়ক নিরাপত্তা জোরদার এবং পেশাদার চালকদের দক্ষতা বাড়াতে ২০ হাজার চালককে রিফ্রেশার প্রশিক্ষণ দিতে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। বাংলাদেশ সড়ক নিরাপত্তা প্রকল্পের (বিআরএসপি) আওতায় আগামী রোববার থেকে এ প্রশিক্ষণ কর্মসূচি শুরু হবে।

প্রশিক্ষণ কর্মসূচির প্রথম পর্যায়ের উদ্বোধন করবেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। বিআরটিসির তেজগাঁও প্রশিক্ষণ ইনস্টিটিউটে এ উদ্বোধনী আয়োজন অনুষ্ঠিত হবে।

প্রথম ধাপে দেশের বিভিন্ন অঞ্চলে বিআরটিসির ২৭টি প্রশিক্ষণ ইনস্টিটিউট ও কেন্দ্রে পেশাদার চালকদের পাঁচ দিনব্যাপী সড়ক নিরাপত্তাবিষয়ক প্রশিক্ষণ দেওয়া হবে। ২০৩০ সালের মধ্যে দেশে সড়ক দুর্ঘটনা অর্ধেকে কমিয়ে আনার লক্ষ্যে সরকার এ উদ্যোগ নিয়েছে।

বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত বিআরএসপি এবং এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে পরিচালিত স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রামের (সিসিপ) আওতায় বিআরটিসি ৬৮ হাজার নতুন ও পেশাদার চালককে প্রশিক্ষণ দেওয়ার কর্মসূচি বাস্তবায়ন করছে। এরই অংশ হিসেবে ২০ হাজার পেশাদার চালকের জন্য রিফ্রেশার প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।

এদিকে বিআরটিসির বিভিন্ন প্রশিক্ষণ প্রকল্পে নারীদের অংশগ্রহণও বাড়ছে। সংস্থাটির মহাব্যবস্থাপক (আইডব্লিউসিএস ও প্রশিক্ষণ) প্রকৌশলী ফাতেমা বেগম জানান, শুরুতে নারী প্রশিক্ষণার্থীদের আগ্রহ তুলনামূলক কম থাকলেও সময়ের সঙ্গে এ হার বৃদ্ধি পেয়েছে। ইতোমধ্যে দুটি প্রকল্পের আওতায় উল্লেখযোগ্যসংখ্যক নারী হালকা যানবাহন চালানোর প্রশিক্ষণ নিয়েছেন।

তিনি বলেন, সড়ক দুর্ঘটনা কমানো, পেশাদার চালকদের ট্রাফিক আইন ও বিধিবিধান সম্পর্কে সচেতন করা এবং নিরাপদ ও প্রতিরক্ষামূলকভাবে গাড়ি চালানোর দক্ষতা বাড়াতে রিফ্রেশার প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ। পাশাপাশি সড়কে চালকদের দায়িত্বশীল আচরণ নিশ্চিত করতেও এ প্রশিক্ষণ ভূমিকা রাখে।

ফাতেমা বেগম আরও জানান, বিআরএসপি প্রকল্পের আওতায় নতুন পেশাদার চালক তৈরির জন্য চার মাসের প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করা হচ্ছে। অন্যদিকে, আগে থেকেই পেশায় নিয়োজিত চালকদের সচেতনতা ও দক্ষতা বাড়ানোর উদ্দেশ্যে নেওয়া হয়েছে পাঁচ দিনব্যাপী রিফ্রেশার প্রশিক্ষণ।

তার মতে, এসব কর্মসূচির মাধ্যমে চালকদের নিরাপদে গাড়ি চালানোর অভ্যাস তৈরি, সম্ভাব্য ঝুঁকি শনাক্ত, দুর্ঘটনা প্রতিরোধ এবং যাত্রী ও পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে দায়িত্ববোধ আরও বাড়বে।

বিজ্ঞাপন

পড়ুন : জেব্রার বিনিময়ে বাঘ এলো গাজীপুর সাফারি পার্কে

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন